সুপারস্টার জিতের স্ত্রী এবার গায়িকা! মোহনা মদনানির আধ্যাত্মিক ডেবিউ ঘিরে টলিপাড়ায় চাঞ্চল্য

সুপারস্টার জিতের (Jeet) স্ত্রী মোহনা মদনানির (Mohona Madnani) এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটল। ‘ওম জয় জগদীশ হরে’ (Om Jai Jagdish Hare) ভজনটি গেয়ে সঙ্গীতের দুনিয়ায় ডেবিউ করলেন তিনি। এই ভজনটির প্রযোজনা করেছে ‘গ্রাসরুট জ্যোতি’। এই খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়া থেকে শুরু করে জিৎ ভক্তদের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে।
নিজের প্রথম কাজ নিয়ে মোহনা মদনানি জানান, “গান বরাবরই আমার মনের খুব কাছের একটা বিষয় ছিল। এই সুযোগটি আমার কাছে শুধুমাত্র কোনও ক্রিয়েটিভ সিদ্ধান্ত নয়, বরং ঈশ্বরের আহ্বান বলতে পারেন। ছোটবেলা থেকেই এই ভজনটি আমার প্রার্থনার অংশ ছিল। তাই এই গানটি দিয়ে ডেবিউ করার সুযোগ পাওয়া আমার কাছে এক অনন্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আশা করি শ্রোতারাও শান্তি আর পজিটিভিটি অনুভব করতে পারবেন, যেমনটা আমি রেকর্ডিং-এর সময় অনুভব করেছিলাম।”
ভক্তি আর প্রশান্তির এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে গানটিতে। মোহনার শান্ত ও সুরেলা কণ্ঠের সঙ্গে গানটি দারুণ মানিয়েছে। সুর এবং দৃশ্যায়ণ মিলিয়ে এটি নির্মাতাদের একটি অনবদ্য উপস্থাপনা। তবে এই গানের ভিডিয়োটি আর্টিফিসিয়েল ইন্টালিজেন্স (AI) ব্যবহার করে তৈরি হয়েছে। ক্যামেরার আড়ালে থাকতেই পছন্দ করেন বলে ভিডিয়োতে দেখা মেলেনি মোহনার। গানটির নিবেদক হিসেবে রয়েছেন জিৎ, অমিত জুমরানি এবং গোপাল মদনানি।
অন্যদিকে সামাজিক মাধ্যমে মোহনার গায়কির প্রশংসায় পঞ্চমুখ জিৎ ভক্তরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি জিতের আগামী কোনও ছবিতে গায়িকা হিসেবে পাওয়া যাবে মোহনাকে? এর জবাব সময়ই দেবে। যদিও জিতের আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। উল্লেখ্য, এর আগে জিৎ-কন্যা নবন্যা মাদনানিও ছোটদের গান রেকর্ড করেছিল।