জোড়া ফলায় ফের ঝমঝমিয়ে বৃষ্টির দাপট বঙ্গে! কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা জোরালো। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতলের জেলাগুলিতেও দিনভর বৃষ্টি চলবে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ বঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি রাজ্যের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থানরত একটি ঘূর্ণাবর্ত বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই জোড়া আবহাওয়াজনিত প্রভাবেই বঙ্গে বৃষ্টির এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।