ভ্যালেন্টাইনস ডে-র রেশ কাটতে না কাটতেই ভক্তি ও শ্রদ্ধায় মহাশিবরাত্রি পালন করলেন আপামর ভারতবাসী। সেই তালিকায় শামিল হলেন ছোট ও বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। বরাবরই আধ্যাত্মিকতার প্রতি অনুরাগী ‘মিঠাই’ খ্যাত এই অভিনেত্রী। এবার শিবরাত্রিতেও তাঁর স্নিগ্ধ ও ভক্তিময় রূপ দেখে মন মজেছে নেটিজেনদের।
ঘিয়ে রঙের লাল পাড় শাড়ি, নাকে নাকছাবি আর খোলা চুলে একেবারেই সহজ-সরল রূপে মন্দিরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। বাবা বিশ্বনাথের মাথায় দুধ ঢেলে, আকন্দের মালা ও বেলপাতা অর্পণ করে ভক্তিভরে পুজো করেন তিনি। ডমরুর আবহ সঙ্গীতে সৌমিতৃষার সেই পুজো করার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কৃষ্ণভক্ত হিসেবে পরিচিত হলেও সৌমিতৃষা প্রতি বছরই নিয়ম মেনে শিবরাত্রি পালন করেন। দেবের সঙ্গে ‘প্রধান’ ছবি এবং ওটিটিতে ‘কালরাত্রি’-র সাফল্যের পর এখন কেরিয়ারের মধ্যগগনে থাকলেও তাঁর এই সাধারণ যাপনই বারবার দর্শকদের কাছে টানে।