‘সবাই পাশে আছেন’, স্বামীর জেলযাত্রা নিয়ে মুখ খুললেন রাজপাল পত্নী রাধা যাদব

বলিউড অভিনেতা রাজপাল যাদবের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ৯ কোটি টাকার ঋণ পরিশোধ না করতে পেরে চেক বাউন্স মামলায় বর্তমানে শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁর। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে অভিনেতার জামিনের আবেদন জানানো হলেও মেলেনি স্বস্তি। আদালতের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী সোমবার পর্যন্ত। ফলে আপাতত তিহার জেলই ঠিকানা রাজপাল যাদবের।

স্বামীর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন স্ত্রী রাধা যাদব। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে তিনি বলেন, “গোটা ইন্ডাস্ট্রি রাজপালের পাশে দাঁড়িয়েছে। যাঁরা এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।” ২০১০ সালে রাজপাল যাদব পরিচালিত ‘আতা পাতা লাপাতা’ ছবিটির ব্যর্থতাই কাল হয়েছিল তাঁর। বক্স অফিসে ভরাডুবির পর থেকেই ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি, যা সুদে-আসলে বর্তমানে ৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। আদালতের নির্দেশে গত সপ্তাহেই তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিলেন অভিনেতা। এখন দেখার, সোমবারের শুনানি তাঁর জন্য সুখবর বয়ে আনে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy