শুরুতেই বিগ বস বাংলায় মহা বিস্ফোরণ! প্রথম ক্যাপ্টেন ভরত কলের চরম হুমকি শুনে হাউমাউ করে কেঁদে ফেললেন নায়িকা?

সদ্য শুরু হওয়া জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে এসেই জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। সৌরভ গাঙ্গুলির সঞ্চলনায় স্টার জলসায় প্রচারিত এই মেগা শোয়ে শুরুতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবারের আসরের প্রথম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ অভিনেতা ভরত কল। আর ক্ষমতা হাতে পেতেই বড়সড় চমক দিলেন তিনি। নিজের কৌশল খাটিয়ে দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত এবং তনুশ্রী রায় দাস—এই চার প্রতিযোগীকেই সোজা পাঠিয়ে দেন এভিকশন রুম বা ডাগআউট হাউজে।
নিয়ম অনুযায়ী এই চারজনকে এখন আলাদা থাকতে হচ্ছে। তাঁরা নিজস্ব রেশন তুলে আলাদা রান্না করে খাচ্ছেন। পাশাপাশি সাফ জানিয়ে দিয়েছেন, যেহেতু তাঁরা মূল ঘরের বাইরে আছেন, তাই মূল হাউজের কোনো কাজ বা দায়িত্ব তাঁরা নেবেন না। আর এই নিয়েই প্রথম থেকেই শুরু হয় দ্বন্দ্ব। বিশেষ করে তনুশ্রীর সঙ্গে ভরত কলের তীব্র কথা কাটাকাটি রূপ নেয় চরম বাকযুদ্ধে। তনুশ্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে ক্যাপ্টেনের ভাষা অত্যন্ত আপত্তিকর এবং তিনি আর কোনোভাবেই তাঁর সঙ্গে কথা বলবেন না। শুধু তাই নয়, ক্যাপ্টেনকে তাঁর মোটেও পছন্দ নয় এবং তাঁর কোনো নির্দেশ তিনি মানবেন না বলেও সাফ জানিয়ে দেন।
এই অবাধ্যতায় মেজাজ হারান ভরত কলও। তনুশ্রীর উদ্দেশ্যে তিনি অত্যন্ত চড়া গলায় বলেন যে বাথরুম পরিষ্কার করা একটি সুনির্দিষ্ট টাস্ক এবং তা করতেই হবে। এমনকি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম না মানলে কাউকে বাথরুম ব্যবহার করতে দেওয়া হবে না! যদি খুব সমস্যা হয় তবে ঘরের ভেতরে বা খাটের পাশেই যেন তারা তা সেরে নেন! এই চরম অবমাননাকর মন্তব্য শুনে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তনুশ্রী। চিৎকার করে তিনি বলেন, এমন নিয়ম কোথায় লেখা আছে? ক্যামেরার সামনে তাঁকে কোথায় বাথরুম করতে হবে তা যেন ভরত দেখিয়ে দেন! রাগে ফেটে পড়ে অভিনেত্রী আরও বলেন, ভরতকে তিনি জীবনেও মানবেন না এবং তিনি একজন অত্যন্ত খারাপ মানুষ।
পাল্টা জবাবে ভরত কলও কটাক্ষ করতে পিছপা হননি। তিনি চিৎকার করে ব্যঙ্গের সুরে বলেন যে আজ পর্যন্ত বাথরুম ব্যবহার করতে না পেরে কারো মৃত্যু হয়নি। বড়জোর গ্যাসের সমস্যা হতে পারে, আর তেমন হলে কেউ তনুশ্রীর আশেপাশেও থাকবে না! উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে জমজমাটভাবে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় প্রতিদিন রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই জনপ্রিয় শো। প্রতিযোগীদের তালিকাও বেশ তারকাবহুল। ভরত কল ছাড়াও এই শোয়ে অংশ নিয়েছেন মনামী ঘোষ, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, নিরঞ্জন মণ্ডল (লাফটারসেন), নন্দিনী দত্তের মতো নামী তারকারা। তবে শুরুতেই এমন ধাক্কা ও তীব্র উত্তেজনার জেরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।