লন্ডনে কনসার্টের মাঝেই থামল অরিজিৎ সিংয়ের গান! কেন এমন ঘটল, জেনেনিন আসল কারণ

ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর সাম্প্রতিক লন্ডন কনসার্ট যেন রোমাঞ্চ আর হতাশাকে একসঙ্গে এনে হাজির করল। এক দিকে যেমন তার অসাধারণ পারফরম্যান্স মুগ্ধ করেছে শ্রোতাদের, তেমনই কনসার্টের হঠাৎ শেষ হয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

শোয়ের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই অরিজিতের কণ্ঠে শোনা যায় তার বিখ্যাত গান ‘সাইয়ারা’। দর্শকরা যখন গানের সুরের সঙ্গে গলা মেলাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ মঞ্চের সব আলো নিভে যায় এবং শব্দ বন্ধ হয়ে যায়। হতভম্ব দর্শকরা বুঝে উঠতে পারছিলেন না কী ঘটল। কোনো বিদায় সম্ভাষণ ছাড়াই শেষ হয় কনসার্ট, যা অনেক ভক্তের মনে হতাশা তৈরি করে।

একটি ভাইরাল ভিডিওর সূত্রে জানা যায়, লন্ডনের স্টেডিয়ামে রাত সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠান করার একটি কঠোর নিয়ম রয়েছে। এই সময়সীমাকে স্থানীয়ভাবে ‘কারফিউ’ বলা হয়। জানা গেছে, সেই নিয়ম মেনেই কর্তৃপক্ষের নির্দেশে হঠাৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এমন আকস্মিক সমাপ্তি অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে।

তবে আরেক দল এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। তাদের যুক্তি, লন্ডনের স্টেডিয়ামগুলোতে এই নিয়ম দীর্ঘদিন ধরে প্রচলিত। নিয়ম ভাঙা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। কেউ কেউ বলেছেন, অরিজিৎ নিজেই মঞ্চে দেরিতে এসেছেন, যার কারণে অনুষ্ঠানের সময়সীমা কমে যায়। একজন ভক্ত অবশ্য দাবি করেছেন, এমনভাবে অনুষ্ঠান শেষ করা অরিজিতের একটি কৌশল, কারণ ভারতেও অনেক কনসার্টে তিনি জনপ্রিয় গান গাওয়ার পর দর্শকদের দিয়ে বাকিটা গাইয়ে নেন।

তবে কনসার্টের সমাপ্তি যেমনই হোক না কেন, অরিজিতের কণ্ঠের জাদু এবং তার অসাধারণ পরিবেশনা দর্শক মনে এক গভীর রেশ রেখে গেছে।