অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু টলিপাড়ায় যে অস্থিরতা তৈরি করেছে, তার সরাসরি প্রভাব পড়ল টেলিভিশনের পর্দায়। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে স্টার জলসা থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’। আর সেই শূন্যস্থান পূরণ করতে আগামী ১৩ তারিখ থেকে রাত ১০টায় আসছে নতুন মেগা ‘সংসারের সংকীর্তন’।
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন মানালি দে এবং সব্যসাচী চৌধুরী। শুধু তাই নয়, প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়ের উপস্থিতি এই মেগাকে বাড়তি মাত্রা দিচ্ছে। লক্ষণীয় বিষয় হলো, অতীতে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে অভিনয় করে মানালি আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন। অথচ আজ রাহুলের মৃত্যু ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় লীনার প্রযোজনা সংস্থার কাজ বন্ধ হওয়ায় সেই স্লটেই ফিরছেন মানালি। বর্তমানে রাত ১০টার স্লটে জি বাংলার ‘কনে দেখা আলো’ এবং ‘আনন্দী’র সঙ্গে জোরদার লড়াই শুরু হতে চলেছে জলসার এই নতুন মেগার। ৩ রেটিং নিয়ে শেষ করা ‘চিরসখা’-র গরিমা কি ধরে রাখতে পারবে মানালির ‘সংকীর্তন’? উত্তর মিলবে আগামী সপ্তাহেই।





