বলিউড এখন কাঁপছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর দাপটে। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই বক্স অফিসে তুফান তুলেছে এই ছবি, বিশ্বজুড়ে আয় ছাড়িয়েছে ১৬০০ কোটি টাকা। তবে রণবীরের এই আকাশচুম্বী সাফল্যে দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়া ‘সাইলেন্স’ নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। নেটিজেনদের একাংশ রটিয়ে দেন, দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অবশেষে মুখ খুলেছেন দীপিকা। তিনি সাফ জানিয়েছেন, “আপনারা দেখার অনেক আগেই আমি সিনেমাটি দেখে ফেলেছি। এবার রসিকতাটা কার ওপর হলো?” দীপিকার এই মোক্ষম জবাবে স্পষ্ট—স্বামীকে সমর্থন জানাতে সবসময় ইন্টারনেটে পোস্ট দেওয়ার প্রয়োজন নেই।
এদিকে, ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের পরবর্তী ধামাকা ‘শক্তিশালিনী’ নিয়ে হাজির হচ্ছেন অনীত পাড্ডা। ‘মুঞ্জিয়া’ খ্যাত পরিচালক আদিত্য সরপোতদারের এই ছবিতে অনীতকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এক সাধারণ মেয়ে কীভাবে অশুভ শক্তি বিনাশে দেবী কালীর রূপ ধারণ করে, তাই নিয়ে এগোবে গল্প। বিশাল জেঠওয়া ও বিনীত কুমার সিং অভিনীত এই ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, জনপ্রিয় কমেডিয়ান সময় রায়না তাঁর শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ নিয়ে বড় তথ্য ফাঁস করেছেন। রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে তিনি জানান, আইনি জটিলতার কারণে শো-এর এডিটরকে পুলিশ গ্রেফতার করেছিল। মূলত টিমের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি ইউটিউব থেকে কিছু বিতর্কিত এপিসোড মুছে ফেলার সিদ্ধান্ত নেন। বিতর্কের চেয়ে সহকর্মীদের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিয়েছেন সময়।





