বনগাঁর নয়াগোপালগঞ্জের সেই বিতর্কিত অনুষ্ঠান ঘিরে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং উদ্যোক্তা তনয় শাস্ত্রীর আইনি লড়াই এবার এক চরম নাটকীয় মোড় নিল। মিমি চক্রবর্তী তাঁর সম্মানহানি ও হেনস্থার অভিযোগে ২ কোটি টাকার মানহানির মামলা ঠুকতেই পালটা আক্রমণ শানালেন তনয়। বৃহস্পতিবার ফের বনগাঁ থানায় হাজির হয়ে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ দায়ের করেন তিনি।
তনয় শাস্ত্রীর মূল অভিযোগ, মিমি চক্রবর্তী নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা পরে অনুষ্ঠানে পৌঁছেছিলেন। তাঁর দাবি অনুযায়ী, রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠার কথা থাকলেও মিমি পৌঁছান রাত ১১টা ৩৫ মিনিটে। যেহেতু রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, তাই বাধ্য হয়েই তাঁকে অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছিল। তনয়ের অভিযোগ, মিমি কেবল শর্তই ভাঙেননি, বরং তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করে তাঁকে ১৪ দিন জেল খাটিয়েছেন, যা তাঁর সামাজিক সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তনয় শাস্ত্রী মিমির কাছ থেকে অনুষ্ঠানের পারিশ্রমিক বাবদ নেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরতের দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, তাঁর সামাজিক ও আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধারাতেই আইনি পদক্ষেপ করা হবে। বনগাঁ কাণ্ডের এই পালটাপালটি মামলা এখন টলিপাড়ার অন্দর থেকে সাধারণ মানুষের ড্রয়িংরুমের প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।