টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্তের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম সোশ্যাল মিডিয়া। কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে একগুচ্ছ বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী। সাফ জানিয়ে দিলেন, আর কোনো ব্যক্তিগত ভ্লগ (Vlog) করবেন না তিনি। কেন এই চরম সিদ্ধান্ত? মানসীর কথায়, বর্তমান ভ্লগিং দুনিয়ার একাংশ অত্যন্ত ‘কুরুচিকর’ হয়ে উঠেছে, যা তাঁর মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। একজন অভিনেতা হিসেবে যতটুকু প্রচার প্রয়োজন, সেটুকুই এখন থেকে তাঁর টিম সামলাবে।
ভ্লগিং ছাড়ার ঘোষণার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের বড় লড়াইয়ের কথাও প্রকাশ্যে এনেছেন মানসী। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে এবার আইনি পথে বিচ্ছেদের (Divorce) সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি সন্তানের জন্মদিনে ‘তোমার মা-ও আমি, বাবা-ও আমি’—এই বার্তার মাধ্যমেই বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন স্পষ্টবাদী এই অভিনেত্রী। মানসী জানান, “সন্তানদের কথা ভেবে অনেকবার চেষ্টা করেছি টিকিয়ে রাখার, কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হলো না।” তবে দম্পতি হিসেবে আলাদা হলেও, সন্তানদের বাবা-মা হিসেবে নিজেদের দায়িত্ব তাঁরা পালন করে যাবেন বলে জানিয়েছেন তিনি। আপাতত ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখে শুধুমাত্র নতুন কাজ নিয়েই ফিরতে চান মানসী।