দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তবে ৪ মার্চ হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশন নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিলেন এই তারকা দম্পতি। এক যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘ভিরোশ ওয়েডিং রিসেপশন’-এ শুধুমাত্র আমন্ত্রিতরাই প্রবেশ করতে পারবেন। ভক্তদের অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কঠোর পদক্ষেপ।
সুরক্ষায় বিশেষ জোর:
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফিল্ম ইন্ডাস্ট্রি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বড় আয়োজনের কথা থাকলেও, পুলিশ প্রশাসনের পরামর্শে এখন তা সীমিত করা হয়েছে। বিজয় ও রশ্মিকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেও জানিয়েছেন, প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁদের কাছে অগ্রাধিকার। অনুষ্ঠানস্থলে ভিড় বা যানজট এড়াতে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে।
রাজকীয় বিয়ের ঝলক:
সম্প্রতি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন এই জুটি। সেখানে বিজয়ের পরিবারের জন্য তেলুগু রীতি এবং রশ্মিকার কুর্গি ঐতিহ্যের কোদাভা রীতির মেলবন্ধন দেখা গিয়েছে। উদয়পুর থেকে ফিরে তিরুপতি মন্দিরে আশীর্বাদ নেওয়া এবং পাপারাৎজিদের মিষ্টি বিতরণের ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। ভক্তদের ভালোবাসা অমূল্য হলেও ৪ মার্চের অনুষ্ঠানটি ব্যক্তিগত ও সুশৃঙ্খল রাখতে সবার সহযোগিতা চেয়েছেন নবদম্পতি।