ভাইয়ের মাথায় কলিরা! অংশুলার চূড়া অনুষ্ঠানে হাসির রোল, ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

বলিউড অন্দরে এখন খুশির জোয়ার। বনি কাপুর এবং প্রয়াত মোনা শৌরি কাপুরের কন্যা অংশুলা কাপুর খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রোহন ঠক্করের সঙ্গে। সম্প্রতি সম্পন্ন হলো অংশুলার মেহেন্দি এবং চূড়া অনুষ্ঠান। তবে এই ঘরোয়া আয়োজনে সবথেকে বেশি নজর কাড়লেন অভিনেতা অর্জুন কাপুর। অনুষ্ঠান চলাকালীন এক মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটপাড়ায় হাসির রোল পড়েছে।

পরম্পরা অনুযায়ী, কনের হাতের চূড়া থেকে কলিরা পরিবারের অবিবাহিত সদস্যদের ওপর ঝাড়তে হয়। অংশুলা যখন অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অন্যান্যদের ওপর কলিরা ঝাড়ছিলেন, ঠিক তখনই একটি কলিরা এসে সরাসরি অর্জুনের মাথায় পড়ে। এমন অপ্রত্যাশিত ঘটনায় প্রথমে চমকে গেলেও, অর্জুন মুহূর্তের মধ্যেই হেসে ফেলেন। কলিরাটি মাথায় পড়তেই তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে তা উপস্থিত সবাইকে দেখান। এই বিশেষ কলিরাটিতে ‘স্মাইল’ লেখা ছিল। বোন অংশুলা মজার ছলে এই ভিডিওটি শেয়ার করে লেখেন, তাঁর ভাইকে কলিরার জন্য এমন উৎসাহী তিনি আগে কখনও দেখেননি।

এই বিশেষ দিনে কাপুর পরিবারের সদস্যদের মধ্যে উষ্ণতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল স্পষ্ট। অর্জুন কাপুর নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুষ্ঠানের কিছু অদেখা ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যায়, অংশুলা পরম আদরে অর্জুনকে জড়িয়ে ধরেছেন। অন্য একটি মিষ্টি ছবিতে অংশুলা তাঁর হবু বর রোহনকে মেহেন্দি রাঙানো হাত দিয়ে খুনসুটি করছেন। এই অনুষ্ঠানে কাপুর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বলিউডের তারকারা উপস্থিত ছিলেন। কারিশমা কাপুর, নীতু কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর এবং বরুণ ধাওয়ানসহ বহু তারকা এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী থেকেছেন। অর্জুন ক্যাপশনে লিখেছেন, “এই অনুষ্ঠান আবেগ এবং আনন্দে ভরা ছিল, আর এটা তো সবে শুরু।”

উল্লেখ্য, অংশুলা এবং রোহনের প্রেমকাহিনি কোনো সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয়। ২০২২ সালের এক রাত ১:১৫ মিনিটে একটি অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে তাঁদের প্রথম আলাপ হয়। তিন বছরের সম্পর্কের পর, রোহন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের আইকনিক বেলভেডেয়ার ক্যাসেলের সামনে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন। মজার বিষয় হলো, রোহন ঠিক ভারতীয় সময় রাত ১:১৫ মিনিটেই প্রস্তাবটি দিয়েছিলেন, যেদিন তাঁদের প্রথম কথা হয়েছিল। অংশুলা এই মুহূর্তটিকে বর্ণনা করেছেন ‘জাদুকরী’ হিসেবে। জুলাই ২০২৫-এ বাগদানের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁদের বিয়ের জন্য। আপাতত কাপুর পরিবারে উৎসবের আমেজ তুঙ্গে।