নিজামের শহর হায়দরাবাদ বুধবার সেজে উঠেছিল এক মায়াবী সাজে। দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে একান্ত পারিবারিক অনুষ্ঠানের পর, বুধবার হায়দরাবাদে আয়োজিত হলো তাঁদের রাজকীয় রিসেপশন।
আভিজাত্য আর ঐতিহ্যের মেলবন্ধনে ধরা দিলেন নবদম্পতি। রশ্মিকা পরেছিলেন মহীশূর সিল্কের শাড়ি, যাতে খোদাই করা ছিল কর্ণাটকের রাজকীয় প্রতীক ‘গণ্ডবেরুন্ডা’। দুমাথাওয়ালা এই পৌরাণিক পাখি শক্তি ও ঐতিহ্যের প্রতীক। চুলে ফুলের মালা আর সোনার গয়নায় রশ্মিকাকে লাগছিল অপরূপা। অন্যদিকে, বিজয় ধরা দিয়েছিলেন সাদা ভেস্তি, অঙ্গবস্ত্ররম ও আইভরি কুর্তায়।
এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে হাজির ছিলেন চিরঞ্জীবী, রাম চরণ, উপাসনা, নাগার্জুনা এবং নাগা চৈতন্য। বলিউড থেকে উড়ে এসেছিলেন করণ জোহর, কৃতি স্যানন এবং ম্রুণাল ঠাকুর। নজর কেড়েছেন নীনা গুপ্তা ও তাঁর স্বামীও। এছাড়াও উপস্থিত ছিলেন আল্লু অর্জুন ও রানা ডাগ্গাবুটি।
অনুষ্ঠানে রাজনীতির আঙিনার হেভিওয়েটরাও উপস্থিত ছিলেন। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার থেকে শুরু করে বিআরএস নেতা কেটি রামা রাও—সকলেই নবদম্পতিকে আশীর্বাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে উপস্থিত থাকতে না পারলেও চিঠির মাধ্যমে দম্পতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।