বাদশার গানে ‘অশ্লীল’ শব্দের ছড়াছড়ি! নারী অবমাননার অভিযোগে র‍্যাপারকে তলব মহিলা কমিশনের

জনপ্রিয় র‍্যাপার বাদশার মুকুটে এবার বিতর্কের নয়া পালক। তাঁর সাম্প্রতিক একটি গানে নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিকর ও ‘অশ্লীল’ শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসতেই কড়া অবস্থান নিয়েছে মহিলা কমিশন। গানের লিরিক্সে নারী ও নাবালকদের যেভাবে ‘অবজেক্টিফাই’ বা পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কমিশনের চেয়ারপার্সন রেনু ভাটিয়া। এই ঘটনায় বাদশাকে সশরীরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

রেনু ভাটিয়া শুধু গায়ককেই নয়, সরাসরি তোপ দেগেছেন সেন্সর বোর্ডের ভূমিকার ওপরেও। তিনি প্রশ্ন তুলেছেন, “এত নিম্নমানের এবং আপত্তিকর শব্দ থাকা সত্ত্বেও একটি গান কীভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়?” উল্লেখ্য, রেনু ভাটিয়া নিজে তিন বছর ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। তাঁর মতে, বিনোদনের নামে সমাজের অবক্ষয় এবং নারীবিদ্বেষী মানসিকতা ছড়িয়ে দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

গানের কথায় নাবালকদের নিয়ে কুরুচিকর ইঙ্গিত থাকায় বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদশার ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, নেটিজেনদের বড় অংশই গানের কথায় শালীনতা বজায় রাখার পক্ষে সওয়াল করেছেন। এখন দেখার, মহিলা কমিশনের এই তলবের জবাবে বাদশা কী সাফাই দেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy