বলিউডে ১৮ বছর পূর্ণ! সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে কেন ৮ ঘণ্টার শিফটের দাবি তুললেন দীপিকা পাড়ুকোন?

শো-বিজের দুনিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দেখতে দেখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ১৮ বছর পূর্ণ হল (মডেলিং কেরিয়ার ধরলে ২০ বছর)। সিনে দুনিয়ায় দীপিকা নিজেই এখন একটি ব্র্যান্ড। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাফল্য এবং কাজের পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দীপিকা। ‘ওম শান্তি ওম’ অভিনেত্রী ফের একবার ইন্ডাস্ট্রিতে ৮ ঘণ্টা কাজের শিফট চালু করার পক্ষে সওয়াল তুলেছেন।
বদলে গেল সাফল্যের সংজ্ঞা: ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে ব্রেক পাওয়ার পর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কেরিয়ারের এতগুলো বছর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে কাটানোর পর সাফল্যের সংজ্ঞা তাঁর কাছে কী, জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন:
“কম বয়সে সাফল্য মানে বোঝায় যশ-খ্যাতি আর টাকা-পয়সা, লাইফস্টাইলে পরিবর্তন আসা। কিন্তু যখন তুমি সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে থাকবে, সাফল্যের সেই সংজ্ঞা বদলাতে শুরু করবে।”
দীপিকার কথায়, “বর্তমানে আমার কাছে সাফল্য মানে শারীরিক ও মানসিক ভাবে ভালো থাকা। সময় আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। তুমি সেটা কীভাবে খরচ করছ, কার সঙ্গে খরচ করছ, সেটা বাছার স্বাধীনতা থাকা—আমার কাছে সাফল্যর মানে এটাই।”
৮ ঘণ্টা কাজের শিফট নিয়ে সওয়াল: সন্তান ‘দুয়া’ আসার পর কীভাবে সবদিক সামলাচ্ছেন, এই প্রশ্ন আসার পরই দীপিকা কাজের শিফটের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “আমরা অতিরিক্ত পরিশ্রমকে স্বাভাবিক করে তুলেছি। আমরা ক্লান্তিবোধকে প্রতিশ্রুতি হিসেবে ভুল করি। প্রতিদিন আট ঘন্টা কাজ করা মানুষের শরীর ও মনের জন্য যথেষ্ট। আপনি যখন সুস্থ থাকবেন, তখনই নিজের সেরাটা দিতে পারবেন।”
অভিনেত্রী আরও বলেন, “আমার অফিসে, সোমবার থেকে শুক্রবার আট ঘণ্টা কাজ হয়। আমাদের অফিসে মাতৃত্ব (Maternity) ও পিতৃত্ব (Paternity) পলিসি রয়েছে। আমাদের সন্তানদের কাজের জায়গায় নিয়ে আসাটা আরও বেশি স্বাভাবিক করা উচিত।”
পুরুষশাসিত বিনোদন জগতে দীপিকার এই স্পষ্ট বক্তব্য আগামিদিনে মহিলা কর্মীদের কাজের পরিবেশ এবং কর্মক্ষেত্রে তাঁদের ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।