বলিউডের বন্ধুত্বের ‘মুখোশ খুললেন’ করণ জোহর! “টাকা ছাড়া এখানে কোনো দাম নেই”, বিস্ফোরক পরিচালক

যাঁর হাতের ছোঁয়ায় বলিউডে বহু তারকা তৈরি হয়েছেন এবং যাঁর জমকালো পার্টিতে প্রায় গোটা ইন্ডাস্ট্রি হাজির থাকে, সেই প্রযোজক-পরিচালক করণ জোহর এবার মায়ানগরীর বন্ধুত্বের কঠিন বাস্তব ফাঁস করে দিলেন। সম্প্রতি কমল নাহাতার পডকাস্ট ‘গেম চেঞ্জার্স’-এ এসে তিনি যে বিস্ফোরক মন্তব্য করেছেন, তাতে তোলপাড় শুরু হয়েছে বলিউডে। করণের সাফ কথা, শাহরুখ খান ছাড়া বাকি সকলের সঙ্গেই তাঁর সম্পর্ক ঘোর পেশাদারী এবং বলিউডে আসল বন্ধুত্বের অস্তিত্ব নেই বললেই চলে।

করণ জোহরের মতে, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ বন্ধুত্বই কেবল পার্টির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। পেশাগত ক্ষেত্রে সেই বন্ধুত্বের কোনো প্রভাব পড়ে না।

“টাকা নিতে সবাই আগ্রহী, ফেরত দিতে কেউ নয়”
নিজের বক্তব্যের সমর্থনে করণ একটি তেতো সত্যি তুলে ধরেন। তিনি বলেন, ছবি ফ্লপ হলেও কোনো অভিনেতা কখনও পারিশ্রমিকের টাকা ফেরত দেন না।

করণ বলেন, “আমার পেশাগত জীবনে বন্ধুত্ব কোনো দিন কোনো কাজে আসেনি। কোনো অভিনেতা এসে বলেন না যে, ‘আমার শেষ দুটো ছবি চলেনি, তাই আপনার টাকা ফেরত দিচ্ছি।’ টাকা ফেরত দিতে কেউ আগ্রহী নন, তাঁরা কেবল টাকা নিতেই জানেন। পার্টির সময়ে সবাই খুব ভালো মানুষ, কিন্তু আদতে সকলেই ব্যবসায়ী। আমিও এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে এসেছি, সমাজসেবা করতে নয়।”

তিনি স্পষ্ট করে দেন, অন্য অভিনেতারা বড়জোর বন্ধুত্বের খাতিরে তাঁদের পারিশ্রমিক থেকে এক বা দুই কোটি টাকা কমাতে পারেন, কিন্তু নিজের বাজারমূল্যের থেকে বেশি ছাড় দিতে কেউই রাজি হন না।

বাদশা ব্যতিক্রম: শাহরুখই একমাত্র ‘বন্ধু’
এই কঠোর পেশাদারিত্বের আবহেও একজন ব্যতিক্রমী মানুষের কথা বলতে ভোলেননি করণ জোহর। আর তিনি হলেন তাঁর প্রিয় বন্ধু শাহরুখ খান।

করণের কথায়, “শাহরুখই একমাত্র ব্যক্তি যিনি আমার বা আমার বাবা (প্রয়াত প্রযোজক যশ জোহর)-র সঙ্গে কখনও টাকা-পয়সা নিয়ে একটি কথাও বলেননি। ওঁর সঙ্গে আমার সম্পর্কটা একেবারে অন্য স্তরের। আমি ওঁকে একজন বন্ধু, একজন মানুষ, একজন সহকর্মী এবং ভাইয়ের চোখে দেখি।”

স্মৃতিচারণা করে তিনি আরও জানান, শাহরুখ বরাবরই তাঁকে অন্ধভাবে বিশ্বাস করেছেন। চিত্রনাট্য না শুনেই তিনি ছবি সই করতেন। “আমি শুধু গিয়ে বলতাম, ‘আমি একটা ছবি পরিচালনা করছি এবং এই তারিখগুলো আমার দরকার।’ টাকা-পয়সা আমাদের মধ্যে কখনও আলোচনার বিষয়ই ছিল না,” বলেন করণ।

করণের এই অকপট স্বীকারোক্তি প্রকাশ্যে আসার পর বলিউডের অন্দরের আসল সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।