বিশ্বজুড়ে কয়েক কোটি ‘আর্মি’-র অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরল গ্লোবাল কে-পপ সেনসেশন BTS। দীর্ঘ ৩ বছর ৯ মাসের বিরতি, মিলিটারি সার্ভিসের কঠিন সময় এবং ব্যক্তিগত ক্যারিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে ২০ মার্চ মুক্তি পেল তাঁদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরং’। ১৪টি ট্র্যাকের এই সংকলনটি ব্যান্ডের সাত সদস্য—RM, Jin, Suga, J-Hope, Jimin, V এবং Jungkook-এর এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করল।
কোরীয় লোকগাথা ‘আরিরং’-এর অনুপ্রেরণায় তৈরি এই অ্যালবামে নিজেদের শিকড়কে বিশ্ব সঙ্গীতের আধুনিক মোড়কে পরিবেশন করেছে বিটিএস। লিড সিঙ্গল ‘সুইম’ (Swim)-এ ফুটে উঠেছে নতুন করে পথ চলার শপথ। অ্যালবামের শুরুতেই ‘বডি টু বডি’ গানটি ডিপলো ও রায়ান টেডারের প্রোডাকশনে স্টেডিয়াম কাঁপানোর মেজাজ তৈরি করেছে। অন্যদিকে ‘হুলিগান’ ও ‘এলিয়েনস’-এর মতো ট্র্যাকগুলোতে হিপ-হপ ও মেটালিক পারকাশনের এক অনন্য মেলবন্ধন দেখা গেছে। ব্যান্ডের বিবর্তন ফুটে উঠেছে ‘২.০’ এবং ‘নরমাল’-এর মতো গানে, যেখানে বিশ্বজোড়া খ্যাতির আড়ালে থাকা ব্যক্তিগত টানাপোড়েনকে সুর দিয়েছেন সদস্যরা।
অ্যালবামটি মুক্তির সঙ্গে সঙ্গেই সিওলের গোয়াংহোয়ামুন থেকে আয়োজিত বর্ণাঢ্য লাইভ অনুষ্ঠান নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বজুড়ে স্ট্রিম করা হয়। ‘ইনটু দ্য সান’ ট্র্যাকটির মাধ্যমে নিজেদের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ হয়েছে এই মিউজিক্যাল সফর। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অ্যালবামটি বিটিএস-এর আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সঙ্গীত দুনিয়ায় এক নতুন মাইলফলক তৈরি করবে।