আজ পবিত্র রাম নবমী। ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামের জন্মতিথি পালন করছে সারা বিশ্ব। অযোধ্যা থেকে রামেশ্বরম, ভদ্রাচলম থেকে সীতামারহি— সর্বত্রই উৎসবের আমেজ। কোথাও পালিত হচ্ছে রথযাত্রা, আবার কোথাও রাম-সীতার ‘কল্যাণোৎসব’ বা বিবাহ বার্ষিকী। তবে আধ্যাত্মিকতার পাশাপাশি বিনোদন জগতেও ‘রাম’ চরিত্রটি বরাবরই জনপ্রিয়।
৮০-র দশকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ অরুণ গোভিলের সেই শান্ত স্নিগ্ধ রূপ আজও মানুষের মনে অমলিন। এরপর একে একে জিতেন্দ্র (লব কুশ), গুরমিত চৌধুরী কিংবা হালের প্রভাস (আদিপুরুষ)— প্রত্যেকেই নিজের মতো করে শ্রী রামের চরিত্র ফুটিয়ে তুলেছেন। তালিকায় রয়েছেন এনটি রামা রাও ও জুনিয়র এনটিআর-ও। এবার সেই মাইলফলক ছোঁয়ার দৌড়ে নাম লিখিয়েছেন রণবীর কাপুর।
নীতেশ তিওয়ারির আগামী মেগা বাজেট সিনেমা ‘রামায়ণা’-তে রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তীর পুণ্য লগ্নেই প্রকাশ্যে আসবে অভিনেতার প্রথম লুক। প্রভাসের ‘আদিপুরুষ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর, রণবীরের এই নতুন অবতার দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার।