জল্পনার অবসান! প্রেক্ষাগৃহে আছড়ে পড়ল পরিচালক আদিত্য ধরের বহু-প্রতীক্ষিত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২’। ১৮ মার্চ ছিল ছবির পেইড-প্রিভিউ, আর তাতেই কুপোকাত টিনসেল টাউন। রণবীর সিং থেকে আর. মাধবন— তারকায় ঠাসা এই সিক্যুয়েল যে প্রথম ভাগকেও ছাপিয়ে গিয়েছে, তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায় সেলেবদের উপচে পড়া প্রতিক্রিয়াতেই।
দক্ষিণের ‘পুষ্পা’ অর্থাৎ আল্লু অর্জুন এক্স হ্যান্ডেলে (টুইটার) এই ছবির ভূয়সী প্রশংসা করে লিখেছেন, “সোয়াগের সঙ্গে দেশপ্রেম! এমন একটি সিনেমা যা প্রতিটা ভারতীয়কে গর্বিত করবে। রণবীর সিং একজন ভার্সেটাইল অভিনেতা এবং আদিত্য ধরের মতো পরিচালক আমাদের দেশের গর্ব।”
অন্যদিকে, দীর্ঘ বিরতির পর অভিনেত্রী প্রীতি জিন্টা আবেগঘন বার্তায় লিখেছেন, “প্রতিশোধ যদি নিতেই হয়, তবে তা যেন ‘ধুরন্ধর’-এর মতোই হয়।” প্রীতির মা তো এতটাই মুগ্ধ যে, বন্ধুদের নিয়ে ফের প্রেক্ষাগৃহে যাওয়ার বায়না ধরেছেন। পরিচালনা থেকে এডিটিং— সব বিভাগেই ছবিটিকে দশে দশ দিয়েছেন তিনি।
বরাবরের মতো নিজের চেনা মেজাজেই ধরা দিলেন পরিচালক রাম গোপাল বর্মা। ছবিটির উন্মাদনা দেখে তিনি রসিকতা করে বলেন, “যারা ছবিটি দেখেছেন, তারা কেবল পছন্দই করেননি, আক্ষরিক অর্থেই ছবিটিকে বিয়ে করতে চেয়েছেন!” অনন্যা পাণ্ডেও রণবীর সিংয়ের অভিনয়ে বুঁদ হয়ে ইনস্টাগ্রামে তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন।
কেন দেখবেন ‘ধুরন্ধর ২’?
দুর্ধর্ষ কাস্টিং: রণবীর সিং, আর. মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্নার মতো পাওয়ারহাউস পারফর্মারদের এক ফ্রেমে দেখা।
টানটান স্ক্রিপ্ট: প্রথম ভাগের ঝাঁজ বজায় রেখে আন্তর্জাতিক মানের স্পাই থ্রিলার উপহার দিয়েছেন আদিত্য ধর।
সঙ্গীত ও ভিএফএক্স: কারিগরি প্রতিটি বিভাগেই এই ছবি স্পাই জেনারে নতুন মানদণ্ড তৈরি করেছে।
পেইড-প্রিভিউতেই যদি এই উন্মাদনা থাকে, তবে সাধারণ দর্শকদের জন্য মুক্তির পর বক্স অফিসে যে টাকার সুনামি আসতে চলেছে, তা বলাই বাহুল্য। রণবীরের কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে ইতিমধ্যেই তকমা পেয়েছে ‘ধুরন্ধর ২’।