বক্স অফিসে আক্ষরিক অর্থেই সুনামি এনেছে রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত অ্যাকশন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১৯ মার্চ মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রথম দিনেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের একাধিক বড় রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়েছে। স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র প্রথম দিনেই ভারতে ১০২.৫৫ কোটি টাকা নেট সংগ্রহ করেছে এই ছবি।
১৮ মার্চের ‘পেইড প্রিভিউ’ থেকে ৪৩ কোটি এবং প্রথম দিনের আয় মিলিয়ে মাত্র ২৪ ঘণ্টায় ভারতের মাটিতে ছবিটির সংগ্রহ দাঁড়িয়েছে ১৪৫.৫৫ কোটি টাকা (নেট)। রণবীরের এই ধামাকা শাহরুখ খানের ‘জওয়ান’ (৭৫ কোটি), প্রভাসের ‘সালার’ (৯২ কোটি) এবং যশের ‘কেজিএফ ২’ (১১৬ কোটি)-এর ওপেনিং রেকর্ডকে অনায়াসেই ছাপিয়ে গিয়েছে। ৩ ঘণ্টা ৪৯ মিনিটের দীর্ঘ প্রেক্ষাপট এবং ‘A’ রেটিং থাকা সত্ত্বেও দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
সিনেমাটিতে পাকিস্তানে কর্মরত একজন ছদ্মবেশী ভারতীয় এজেন্টের রোমাঞ্চকর লড়াই দেখানো হয়েছে। রণবীর সিং ছাড়াও সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনের দুর্ধর্ষ অভিনয় দর্শকদের হলমুখী করেছে। বিশ্বজুড়ে অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই ছবিটি ২৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল। হিন্দি সংস্করণ থেকেই সিংহভাগ অর্থাৎ ৯৯.১০ কোটি টাকা উঠে এসেছে। প্রথম হিন্দি সিনেমা হিসেবে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির ক্লাব স্পর্শ করে ইতিহাস সৃষ্টি করল ‘ধুরন্ধর ২’।