বক্স অফিসে ‘ধুরন্ধর’ ধামাকা! যশের ‘টক্সিক’ পিছিয়ে যেতেই কপাল খুলল রণবীরের, কত কোটির ব্যবসা?

ভারতীয় বক্স অফিসের সেই বহুচর্চিত ‘ধুরক্সিক’ ক্ল্যাশ আর হচ্ছে না! ১৯ মার্চ যশের ‘টক্সিক’ এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ একই দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা নাটকীয়ভাবে বদলে গেল। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘টক্সিক’ নির্মাতারা। নতুন দিন ধার্য হয়েছে আগামী ৪ জুন।

এই সিদ্ধান্তের ফলে বদলে গিয়েছে বক্স অফিসের সব হিসেবনিকেশ। ট্রেড বিশেষজ্ঞদের মতে, ১৯ মার্চ এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে ‘ধুরন্ধর ২’। আগে যেখানে দুই ছবির মধ্যে স্ক্রিন ভাগাভাগি হয়ে যাওয়ার কথা ছিল, এখন রণবীরের এই সিক্যুয়েল ছবি একাই প্রায় ৬০০০ স্ক্রিন পেতে পারে। এতে ছবির ওপেনিং কালেকশন এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

হিসেব বলছে, দুই ছবি একসঙ্গে মুক্তি পেলে ‘ধুরন্ধর ২’-এর প্রথম উইকেন্ডে আয় হতে পারত ১২০-১৩০ কোটি টাকা। কিন্তু এখন একক মুক্তি পাওয়ায় সেই অঙ্ক ২০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন আর মাধবন ও সঞ্জয় দত্তর মতো তারকারা। অন্যদিকে, ‘টক্সিক’-এর জন্য ভক্তদের অপেক্ষা বাড়লেও ৪ জুনের মুক্তি নিয়ে আশায় বুক বাঁধছেন যশ-অনুগামীরা। এখন দেখার, ফাঁকা মাঠে রণবীর সিং বক্স অফিসে কতটা বড় রেকর্ড গড়তে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy