বক্সঅফিসে রণবীর সিংয়ের জয়যাত্রা যেন থামার নামই নিচ্ছে না। আদিত্য ধর পরিচালিত অ্যাকশন প্যাকড স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও প্রেক্ষাগৃহে দাপট বজায় রেখেছে। ১৪তম দিনে আয়ের অঙ্ক সামান্য কমলেও, মাত্র দুই সপ্তাহেই ভারতীয় বক্সঅফিসে ৯০০ কোটি টাকার মাইলফলক অনায়াসে টপকে গিয়ে ‘ব্লকবাস্টার’ তকমা ছিনিয়ে নিয়েছে এই ছবি।
‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে সিনেমাটি ২০.১০ কোটি টাকা নিট সংগ্রহ করেছে। প্রথম সপ্তাহে ৬৭৪.১৭ কোটি টাকা আয় করার পর দ্বিতীয় সপ্তাহেও এর সাফল্যের ধারা অব্যাহত ছিল। বর্তমানে ভারতে ছবিটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৯২০.০২ কোটি টাকায়, আর মোট গ্রস সংগ্রহ পৌঁছেছে ১১০১.৪৭ কোটি টাকায়। বিদেশের মাটিতেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে, যার ফলে বিশ্বব্যাপী এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৪৬৬.৪৭ কোটি টাকা।
ইতিমধ্যেই ‘ধুরন্ধর ২’ ভারতীয় বক্সঅফিসে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘আরআরআর’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো মেগা হিট সিনেমার আজীবন আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। এখন রণবীরের লক্ষ্য ‘বাহুবলী ২’ (১০৩০.৪২ কোটি) এবং ‘পুষ্পা ২’ (১২৩৪.১০ কোটি)-র রেকর্ড স্পর্শ করা। আয়ের বর্তমান গতিপ্রকৃতি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই এই ঐতিহাসিক রেকর্ডও নিজের নামে করে নেবেন রণবীর সিং।





