কয়েক দিন আগেই অনুরাগীমহলে শোকের ছায়া নেমে এসেছিল অরিজিৎ সিং-এর একটি পোস্টে। সোশ্যাল মিডিয়ায় গায়ক জানিয়েছিলেন, তিনি সিনেমার প্লেব্যাক থেকে বিরতি নিচ্ছেন। তবে সুরের সফর যে থামছে না, তার প্রমাণ মিলল খোদ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের বার্তায়। অরিজিতের সুরে শুধু গানই গাননি আমির, বরং গায়কের জিয়াগঞ্জের বাড়িতে গিয়ে দাবা আর ঘুড়ি উৎসবেও মাতলেন সুপারস্টার।
সুরকারের ভূমিকায় অরিজিৎ: প্লেব্যাক থেকে বিরতির কথা বললেও অরিজিৎ জানিয়েছিলেন তিনি স্বাধীন সঙ্গীত ও সিনেমা নিয়ে কাজ করবেন। TV9 বাংলা আগেই খবর দিয়েছিল যে, আমির খানের আগামী ছবি ‘এক দিন’-এ সুরকারের ভূমিকায় দেখা যাবে অরিজিৎ সিং-কে। তাঁর সঙ্গে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রাম সম্পত। এবার সেই খবরেই সিলমোহর দিলেন আমির খান স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎকে ধন্যবাদ জানিয়ে আমির তাঁর জিয়াগঞ্জের বাড়ির আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন।
আমিরের প্লেব্যাক ও নতুন চমক: সবচেয়ে বড় চমক হলো, এই ছবির জন্য খোদ আমির খানও রেকর্ডিং করেছেন বলে সূত্রের খবর। যদি এটি সত্যি হয়, তবে ‘গুলাম’ ছবির সেই আইকনিক গানের পর দীর্ঘ সময় বাদে আবারও প্লেব্যাকে ফিরছেন আমির। তবে গানটি অরিজিতের সঙ্গে ডুয়েট না কি একক, তা নিয়ে এখনও রহস্য জিইয়ে রাখা হয়েছে। অরিজিতের সুর আর আমিরের কণ্ঠ— এই যুগলবন্দি দেখার জন্য এখন মুখিয়ে আছে গোটা ভারত।