প্রয়াত পরিচালক অনীক দত্তকে নিয়ে বই লেখার ঘোষণা ঘিরে টলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক। জোহানেসবার্গের বাসিন্দা পর্ণালী ধর চৌধুরী নামে এক ব্যক্তি অনীক দত্তের শেষ জীবনের বন্ধু হিসেবে দাবি করে একটি বই লেখার কথা জানান। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং পরমা ব্যানার্জি। তাঁদের অভিযোগ, পর্ণালী নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রয়াত পরিচালককে ব্যবহার করেছেন।
পরমা ব্যানার্জির অভিযোগ, পর্ণালী অনীক দত্তর নাম ও পরিচিতি ব্যবহার করে সেলিব্রিটি মহলে জায়গা করে নিয়েছিলেন। শ্রীলেখা এই বক্তব্যের সমর্থন করে সরাসরি পর্ণালীকে ‘পরজীবী’ (parasite) বলে আক্রমণ করেন। শ্রীলেখার দাবি, পর্ণালী প্রয়োজনে অনীকদাকে ব্যবহার করে পরবর্তীতে তাঁকে ব্লক পর্যন্ত করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, “আজ হঠাৎ তাঁর প্রতি এত দরদ কেন?”
শ্রীলেখা আরও জানান, অনীক দত্তর সৃজনশীল সত্তা ও তাঁর শিশুসুলভ মনকে সামলে রাখার আসল কৃতিত্ব তাঁর প্রাক্তন স্ত্রী সন্ধি বা তুতুলদির। তুতুলদিকে নিয়ে ট্রোল করা বন্ধ করারও কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী। অনীক দত্তর মৃত্যুর পর পর্ণালীর এই ‘বই লেখার উদ্যোগ’ মোটেও ভালো চোখে দেখেননি শ্রীলেখা। তিনি পরিষ্কার জানিয়ে দেন, অনীকদাকে নিয়ে জীবনী লেখার মতো যথেষ্ট জ্ঞান বা ঘনিষ্ঠতা পর্ণালীর নেই। এই ঘটনায় অনীক দত্তর ঘনিষ্ঠ মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।





