নেতাজির সঙ্গে হিটলারের কথা! প্রভাসের ‘ফৌজি’র টিজার ঘিরে চরম তোলপাড়, উঠাল সেন্সর বোর্ডের ওপর প্রশ্ন!

দক্ষিণী তারকা প্রভাসের জন্মদিনে ২৩ অক্টোবর মুক্তি পাওয়া তাঁর নতুন ছবি ‘ফৌজি’-র টিজার ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। হনু রাঘবপুডি পরিচালিত এই টিজারে নেতাজি সুভাষচন্দ্র বোসের চরিত্র তুলে ধরা এবং তাঁকে হিটলারের সঙ্গে কথা বলতে ও ‘ফৌজি’ নামের একটি কাল্পনিক চরিত্রের পরিচয় করিয়ে দিতে দেখানো হয়েছে। এতে ক্ষুব্ধ নেতাজির পরিবার টিজারটি অবিলম্বে সরানোর দাবি জানিয়েছে।
নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বোস তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন। চিঠিতে তিনি নেতাজির ব্যক্তিত্ব বিকৃতির অভিযোগ তোলার পাশাপাশি প্রশ্ন তুলেছেন, সেন্সর বোর্ড কীভাবে এমন বিতর্কিত দৃশ্য অনুমোদন করল। চন্দ্র কুমার বোস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (X) চিঠিটি শেয়ার করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, বিতর্কিত টিজার প্রত্যাহার এবং দায়ী সেন্সর বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন।