‘ধুরন্ধর’ শ্যুটিংয়ে চরম বিপত্তি! বিএমসির কোপে আদিত্য ধরের প্রোডাকশন হাউস, নিষিদ্ধ হচ্ছে মুম্বইয়ে চিত্রগ্রহণ?

মুম্বইয়ের বুকে শ্যুটিং করতে গিয়ে বড়সড় আইনি গেরোয় পড়লেন বলিউড পরিচালক আদিত্য ধর। তাঁর প্রযোজনা সংস্থা ‘বি৬২ স্টুডিও’-র বিরুদ্ধে বারবার নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এনে কড়া ব্যবস্থা নিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। পরিস্থিতি এতটাই গুরুতর যে, ওই প্রোডাকশন হাউস এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের মুম্বইয়ে শ্যুটিংয়ের অনুমতি নেওয়ার ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ বা ‘ব্ল্যাকলিস্ট’ করার প্রস্তাব দিয়েছে পুর প্রশাসন।

ঘটনার সূত্রপাত দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির শ্যুটিং চলাকালীন। অভিযোগ, গত ৭ এবং ৮ ফেব্রুয়ারি চিত্রগ্রহণের সময় পুলিশি নির্দেশিকা অমান্য করে পটকা ও দাহ্য পদার্থ ব্যবহার করা হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি মাঝরাতে ফের শ্যুটিং চলাকালীন পাঁচটি জ্বলন্ত মশাল ব্যবহারের অভিযোগ ওঠে। পুলিশের দাবি, দাহ্য বস্তু ব্যবহার না করার লিখিত প্রতিশ্রুতি দিলেও তা মানা হয়নি। জননিরাপত্তার কথা মাথায় রেখে ঘটনাস্থল থেকে মশালগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

এই ঘটনার প্রেক্ষিতে বিএমসি ১ লক্ষ টাকা জরিমানা আরোপের পাশাপাশি পূর্বে জমা দেওয়া ২৫,০০০ টাকা বাজেয়াপ্ত করার সুপারিশ করেছে। ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার বি৬২ প্রোডাকশন হাউস, কোমল পোখরিয়াল এবং নাসির খানকে কালো তালিকাভুক্ত করার অনুমোদন চেয়েছেন। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে এই প্রোডাকশন হাউসটি মহারাষ্ট্রের কোনো সরকারি পোর্টালে শ্যুটিংয়ের আবেদন করতে পারবে না। রণবীর সিং অভিনীত এই মেগা বাজেটের ছবিটির ভবিষ্যৎ এখন আইনি জটিলতায় ঢাকা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy