দেবের গলায় শুভশ্রীর গলার দাগ! ‘আমার সবকিছুতেই’ গানের কোন দৃশ্য নিয়ে নেটপাড়ায় এত শোরগোল?

‘DESU7’-এর নতুন গান ‘আমার সবকিছুতেই’ মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা। দেব, শুভশ্রী এবং জিৎ গাঙ্গুলির এই ত্রয়ী ম্যাজিক ফের একবার দর্শকদের মনে পুরনো নস্টালজিয়া ফিরিয়ে এনেছে। তবে গানটির সুর ও গায়কীর পাশাপাশি এর একটি বিশেষ দৃশ্য নেটপাড়ার সমস্ত আলো কেড়ে নিয়েছে। গানে দেব ও শুভশ্রীর কেমিস্ট্রি দেখে মুগ্ধ অনুরাগীরা, কিন্তু তাঁদের নজর আটকে গেছে একটি নির্দিষ্ট অংশে।

গানটির ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের দৃশ্যে শুভশ্রীর গলার কাছে একটি স্পষ্ট লালচে দাগ বা ‘লাভ বাইট’ নজরে এসেছে। সেই মুহূর্তেই গানে বেজে ওঠে, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ আর ঠিক এই লাইনটির সঙ্গেই দৃশ্যটির নিখুঁত মিল থাকায় কৌতূহল দ্বিগুণ হয়েছে। যদিও পরের দৃশ্যগুলিতে সেই দাগ আর দেখা যায়নি, তবুও এই কয়েক সেকেন্ডের ক্লিপটি এখন ইন্টারনেটে ভাইরাল। অনেকেই একে নিছক পর্দার রোম্যান্স হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে প্রচারে নতুন চমক বলে মনে করছেন।