সাধারণত সব বাবা-মা-ই চান তাঁদের সন্তান যেন সাফল্যের শিখরে পৌঁছায়। কিন্তু হৃতিক রোশন সম্পূর্ণ উল্টো সুর গাইলেন। নিজের দুই ছেলে রেহান এবং রিদানের উদ্দেশ্যে এক আবেগঘন পোস্টে অভিনেতা লিখেছেন, তিনি চান তাঁর ছেলেদের জীবনে ‘ব্যর্থতা’ আসুক। তবে এই ইচ্ছার পিছনে কোনো নেতিবাচকতা নয়, বরং এক অত্যন্ত সংবেদনশীল বাবার গভীর দর্শন লুকিয়ে রয়েছে।
হৃতিক তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, সাফল্য বা মেডেল দিয়ে যেন তাঁর ছেলেরা কখনো ভালোবাসার পরিমাপ না করে। তিনি লিখেছেন, “তোমরা আমাদের কাছে ভালোবাসার। ভালোবাসা পাওয়ার জন্য কোনো মেডেল বা সাফল্যের প্রয়োজন নেই।” হৃতিক চান তাঁর ছেলেরা ব্যর্থতার স্বাদ পাক, কারণ ব্যর্থতাই মানুষকে নম্র হতে শেখায় এবং জীবনের কঠিন বাস্তবকে চিনতে সাহায্য করে। তিনি মনে করেন, অনবরত সাফল্যের চাপ একটি শিশুর মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে।
অভিনেতার এই বার্তাটি বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। বহু অভিভাবক হৃতিকের এই চিন্তাধারাকে কুর্নিশ জানিয়েছেন। বর্তমানের ইঁদুর দৌড়ে যেখানে শিশুদের ওপর সবসময় প্রথম হওয়ার চাপ থাকে, সেখানে হৃতিক মনে করিয়ে দিলেন যে, সন্তান যেমনই হোক, বাবা-মায়ের ভালোবাসা যেন নিঃশর্ত হয়। সন্তানদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে হৃতিকের এই ‘প্যারেন্টিং টিপস’ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।