চেনার উপায় নেই! অনুষ্কা শর্মার ভোলবদল দেখে হতবাক নেটপাড়া, ঠোঁটে কি সার্জারি করালেন অভিনেত্রী?

রুপোলি পর্দা থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবন আর সন্তানদের সময় দিতে গিয়ে কার্যত অভিনয় থেকে নিজেকে দূরেই সরিয়ে নিয়েছিলেন অনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর মাধ্যমে তাঁর কামব্যাকের অপেক্ষায় দিন গুনছিলেন লক্ষ লক্ষ অনুরাগী। কিন্তু সেই সিনেমার মুক্তি যখন আইনি বা কারিগরি জটিলতায় বিশ বাঁও জলে, তখনই প্রকাশ্যে এলেন অনুষ্কা। তবে তাঁর এই ফিরে আসা আনন্দ নয়, বরং অনুরাগীদের মনে একরাশ বিস্ময় আর ধোঁয়াশা তৈরি করেছে। একটি সাম্প্রতিক প্রোমোশনাল ভিডিওতে অভিনেত্রীকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্কা একটি জমকালো সবুজ শাড়ি পরেছেন। সাজগোজ আর লুকে তিনি মোহময়ী হলেও, নেটাগরিকদের নজর কেড়েছে তাঁর মুখের আমূল পরিবর্তন। সোশাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ বলছেন, “একেবারে চেনাই যাচ্ছে না অনুষ্কাকে, মুখে কি কোনো কসমেটিক সার্জারি করালেন?” আবার কারোর প্রশ্ন, “এডিটিংয়ের কারসাজি নাকি বয়স বেড়েছে প্রিয় নায়িকার?” তাঁর ঠোঁট এবং গালের হাড়ের পরিবর্তন নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও অনুরাগীদের একাংশ তাঁর শাড়ি লুকের ভূয়সী প্রশংসা করেছেন, তবুও ‘বোটক্স’ বা ‘ফিলার্স’ করানোর গুঞ্জন এখন টিনসেল টাউনের টপ গসিপ।

এরই মাঝে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা গেল বিরুষ্কাকে। আধ্যাত্মিক টানে বারবারই বৃন্দাবনে ছোটেন বিরাট ও অনুষ্কা। তবে এবারের বিমানবন্দর সফরের একটি ভিডিও আলাদা করে নজর কেড়েছে। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত সচেতন বিরাট-অনুষ্কা সাংবাদিকদের ছবি তুলতে বারণ করেন। কিন্তু এদিন তাঁদের মেজাজ ছিল ফুরফুরে। বিমানবন্দরে দেখা যায় অনুষ্কার ভারী ব্যাগটি নিজেই কাঁধে তুলে নিয়েছেন কিং কোহলি। এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ আবার মজা করে লিখেছেন, “অনুষ্কার মান ভাঙাতেই কি বিরাটের এই উদ্যোগ?”

সম্প্রতি এক বিদেশি মডেলের ছবিতে বিরাটের ‘লাইক’ দেওয়া নিয়ে সোশাল মিডিয়ায় কম জলঘোলা হয়নি। সেই বিতর্কের রেশ টেনেই অনেকে মনে করছেন, স্ত্রীকে খুশি রাখতেই বিরাটের এই কুলিবগিরি। তবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে অনুষ্কার বদলে যাওয়া লুক এখন টক অফ দ্য টাউন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও ব্যবসার কাজে তিনি ব্যস্ত। কিন্তু বড় পর্দায় ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে তিনি কবে ফিরবেন এবং তাঁর এই নতুন লুক সিনেমার চরিত্রে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy