চার হাত এক করলেন অংশুলা কাপুর, জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন অর্জুনের আদরের বোন!

দীর্ঘদিনের বন্ধুত্ব এবার পরিণতি পেল ভালোবাসার বাঁধনে। জীবনের বাকি পথ একসঙ্গে চলার অঙ্গীকার নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বনি কাপুরের মেয়ে এবং অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহান থাক্কারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে অংশুলা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাদের বিশেষ মুহূর্তের একাধিক ছবি। বিয়ের এই শুভক্ষণে পাশে ছিল প্রয়াত মা মোনা শৌরি কাপুরের ছবি, যা উপস্থিত সকলকে আবেগপ্রবণ করে তুলেছে।
বিয়ের সাজে অংশুলা সেজেছিলেন কোরাল ও গোল্ড রঙের লেহেঙ্গায়, সঙ্গে ছিল পান্না ও কুন্দনের গয়না। অন্যদিকে, রোহান বেছে নিয়েছিলেন মানানসই আইভরি-গোল্ড রঙের শেরওয়ানি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিয়ের মণ্ডপে বোন জাহ্নবী ও খুশি কাপুর পুরো বিষয়টি তদারকি করছেন। ক্যাপশনে অংশুলা লিখেছেন, “প্রতিটি বাঁক এবং বিস্ময়ের মধ্যে দিয়েও তুমিই আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।”
মেহেন্দি অনুষ্ঠানের কথা স্মরণ করে আবেগঘন কণ্ঠে অংশুলা ধন্যবাদ জানান বোন জাহ্নবী ও খুশিকে। তিনি লেখেন, “আমার জীবনের অন্যতম আনন্দময় দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। সবকিছু তোমরা এত যত্ন ও ভালোবাসায় সাজিয়েছিলে যা ভাষায় প্রকাশ করা কঠিন।”
অন্যদিকে, বোনকে অন্যের হাতে তুলে দিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অর্জুন কাপুর। ভাইয়ের দায়িত্ব পালন করা অর্জুন ইনস্টাগ্রামে লিখলেন, “আজ তোমাকে যেতে দিতে হচ্ছে। তোমাকে বড় হতে দেখেছি, তোমায় মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠতে দেখেছি। তুমি নতুন জীবন শুরু করছো, তবে মনে রেখো তোমার অর্জুন ভাই সবসময় তোমার পাশে আছে। মা সবসময় ওপর থেকে তোমাকে দেখছেন এবং আশীর্বাদ করছেন।” অংশুলা ও অর্জুনের এই আবেগঘন মুহূর্তের ছবিগুলো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কাপুর পরিবারের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়, এরপর দীর্ঘ প্রেমের সম্পর্ক শেষে অবশেষে সামাজিক ও পারিবারিক স্বীকৃতি পেল অংশুলা ও রোহানের এই সুন্দর সম্পর্ক।