খাঁচা ভেঙে মুক্তির বার্তা! কলকাতার আকাশে সাদা পায়রা উড়িয়ে অভিনব প্রচার ‘পিঞ্জর’-এর

সিনেমার প্রচার মানেই যে ট্রেলার, পোস্টার বা সাংবাদিক সম্মেলনের গতানুগতিক ছক, তা ভেঙে দিলেন আসন্ন বাংলা ছবি ‘পিঞ্জর’-এর নির্মাতারা। আগামী ১০ জুলাই মুক্তি পেতে চলেছে ডা. রুদ্রজিৎ রায় পরিচালিত এই ছবি। মুক্তির আগে কলকাতার এক অভিজাত হোটেলে আয়োজিত হলো এক ব্যতিক্রমী ‘বার্ড রিলিজ সেরিমনি’। স্বাধীনতা, আশা এবং আত্ম-অন্বেষণের বার্তা ছড়িয়ে দিতে প্রতীকীভাবে আকাশপানে সাদা পায়রা উড়িয়ে দেওয়া হয়, যা ছবির মূল ভাবনার সঙ্গে একেবারে মিলে যায়।
চেজিং ড্রিমস ফিল্মস এবং বেল জার ফিল্মস-এর এই উদ্যোগে উপস্থিত ছিলেন পরিচালক ডা. রুদ্রজিৎ রায়, প্রযোজক অনিমেষ গঙ্গোপাধ্যায় এবং ছবির শক্তিশালী অভিনয়শিল্পী বৃন্দ। ডা. রায় জানিয়েছেন, ‘পিঞ্জর’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি মানুষের জীবনের সেইসব অদৃশ্য খাঁচার প্রতিফলন, যা আমাদের ভয়, একাকীত্ব, শোক এবং সামাজিক প্রত্যাশার বেড়াজালে বেঁধে রাখে। পরিচালক বলেন, “আমরা জীবনের প্রতিটা ধাপে যে অদৃশ্য কারাগারের মুখোমুখি হই, তা থেকে মুক্তির উপায়ই হলো এই ছবির মূল দর্শন।” প্রযোজক অনিমেষ গঙ্গোপাধ্যায়ের কথায়, “প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁধা ভেঙে এগিয়ে যাওয়ার অদম্য সাহসই এই সিনেমার প্রাণ।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। মমতা শঙ্কর, জয় সেনগুপ্ত, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, সাগ্নিক মুখোপাধ্যায়, শতাক্ষী নন্দী, ঈশান মজুমদার, তথাগত মুখোপাধ্যায়, স্বস্তিদীপা রবিদাস এবং সামিউল আলমের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। এছাড়াও বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়, সুদর্শন চক্রবর্তী, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের অমিত সেনগুপ্ত, সৈরা শাহ হালিম, নন্দিনী গুপ্ত, অধ্যাপক ড. শাবিনা ওমর এবং দেবাংশী চিতলাঙ্গিয়ার মতো ব্যক্তিত্বদের উপস্থিতি ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ছবিটির আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক Hazelnut Media-র সহ-সিইও ইসাবেলা শ্রেয়শী সেন এবং বেলজিয়ামের অলিভিয়ার এ. ডক এই প্রজেক্টের সাথে আন্তর্জাতিক পরিবেশক ও ইমপ্যাক্ট প্রডিউসার হিসেবে যুক্ত হয়েছেন। তবে প্রচারের ঝকঝকে আলোয় সামাজিক দায়বদ্ধতার দিকটিও ভোলা হয়নি। সুধামতা ফাউন্ডেশন ইন্ডিয়ার সহযোগিতায় দুই সুবিধাবঞ্চিত কন্যাশিশুকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। আয়োজকদের দাবি, স্বাধীনতা ও সুযোগ কেবল উচ্চবিত্তের নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য সমান হওয়া উচিত। হুগলি নদীর তীরে সাদা পায়রাগুলোর আকাশে ডানা মেলা যেন মুক্তি এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দিল মানুষের হৃদয়ে। আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা ‘পিঞ্জর’ দর্শকদের কতখানি ছুঁয়ে যেতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।