‘কথাটা আড়ালে বলতে পারতেন!’ ভক্তের অদ্ভূত আবদারে যা বললেন কিং খান

বৃহস্পতিবার কর্ণাটকের ম্যাঙ্গালোরে এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে ফের একবার নিজের রসবোধ ও উপস্থিত বুদ্ধির প্রমাণ দিলেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। অনুষ্ঠান চলাকালীন এক মহিলা অনুরাগী শাহরুখকে সরাসরি বলে বসেন, “আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি।” অনুরাগীর এই অকপট স্বীকারোক্তি শুনে শাহরুখ খান প্রথমে খানিকটা লজ্জিত হলেও, পরক্ষণেই তিনি হাসিমুখে পরিস্থিতি সামলে নেন। অভিনেতার রসবোধ ভরা উত্তর ছিল, “এই ধরনের ব্যক্তিগত কথাগুলো তো আড়ালে বলার মতো!” তার এই চটজলদি প্রতিক্রিয়ায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।
মজার ছলে বিষয়টি উড়িয়ে দিলেও, শাহরুখ অত্যন্ত বিনম্রতার সঙ্গে ভক্তের এই ভালবাসাকে সম্মান জানান। তিনি বলেন, “আমি জানি এটা আপনাদের অকৃত্রিম ভাল লাগা। আমি নিশ্চিত আপনার স্বামীও বিষয়টি বুঝতে পারছেন। আমি আপনাদের সবাইকে ভালবাসি—আপনার স্বামী, পরিবার—সবাইকে।” শাহরুখের এই পরিণত মনোভাব উপস্থিত সকলের মন জিতে নিয়েছে।
উল্লেখ্য, ম্যাঙ্গালোরের সঙ্গে শাহরুখ খানের একটি বিশেষ আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। অভিনেতার ছোটবেলার প্রথম পাঁচটি বছর কেটেছিল এই শহরেই। সেই স্মৃতির টানেই অনুষ্ঠানে শুরুতেই শাহরুখ কন্নড় ভাষায় ‘নমস্কার’ জানিয়ে সকলের হৃদয় জয় করেন। ম্যাঙ্গালোর বিমানবন্দরে নামা থেকে শুরু করে অনুষ্ঠানের মঞ্চ পর্যন্ত, সর্বত্রই প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
বর্তমানে শাহরুখ খান তাঁর আসন্ন বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তাঁকে এক সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ছবিটিতে শাহরুখের বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানা খান এবং অভিষেক বচ্চনকে। এদিকে, ম্যাঙ্গালোরের অনুষ্ঠানে ঘটে যাওয়া এই মজার কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা শাহরুখের রসবোধ এবং ভক্তের প্রতি তাঁর সম্মানের ভূয়সী প্রশংসা করছেন।