“ওই আধঘণ্টার যন্ত্রণা বোঝাতে পারব না!” অস্ত্রোপচারের পর কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী দীপিকা কক্কর

টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ দীপিকা কক্কর (Dipika Kakar) সম্প্রতি এক ভয়াবহ শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। লিভারে সিস্ট ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘সসুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী।

দীপিকা জানান, গত দু-মাস আগে সব ঠিক থাকলেও হঠাৎ করেই লিভারে ১.৩ সেন্টিমিটারের একটি সিস্ট ধরা পড়ে। যন্ত্রণায় এতটাই কাবু ছিলেন যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়। আরএফএ (RFA) পদ্ধতিতে তাঁর সিস্ট পোড়ানো হয়েছে। অস্ত্রোপচার পরবর্তী অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দীপিকা বলেন, “অস্ত্রোপচারের পর যখন জ্ঞান ফিরল, তখন আইসিইউ-তে ওই আধঘণ্টা যে কী মারাত্মক যন্ত্রণা সহ্য করেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। চিকিৎসকরা কড়া ডোজের ওষুধও দিতে পারছিলেন না।”

ভিডিওতে কথা বলার সময় দীপিকার গলা ধরে আসে। তবে এই কঠিন সময়ে স্বামী শোয়েব ইব্রাহিম ও পরিবারের পাশাপাশি অনুরাগীদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দীপিকা বলেন, “বিপদ আসলে মন শক্ত রাখা খুব জরুরি। যা ভাগ্যে লেখা আছে তা তো হবেই, শুধু আমাদের লড়তে হবে।” আপাতত তিনি স্থিতিশীল থাকলেও শরীরে এখনো ব্যথা রয়েছে বলে জানিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy