বিনোদন জগতের অন্যতম চর্চিত নাম অভিনেত্রী তথা ব্যবসায়ী সুস্মিতা রায় ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন জীবনে পা রাখলেন তিনি। ব্যবসায়ী শুভাশিষ দে-র সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। বুধবার সকাল থেকেই সুস্মিতার আইবুড়ো ভাত থেকে বিয়ের ছবি— সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
এই বিয়ের খবরে অনুরাগী মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অনেকে ভেবেছিলেন এটি হয়তো কোনও শ্যুটিংয়ের দৃশ্য বা ভিউ বাড়ানোর কৌশল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে শুভাশিষের সঙ্গে মালাবদল ও সিঁদুরদানের ছবি শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে আবেগঘন হয়ে লিখেছেন, “যখন দুজনেই নিজের লড়াইয়ে ভেঙে পড়ছিলাম, তখন একে অপরের শক্তি হয়েছি। আজ সেই মানুষটার হাত ধরেই নতুন পথচলা শুরু।”
বিয়ের মাঝেই বিতর্ক উসকে দিয়েছেন সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক। সুস্মিতার পুরনো সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে তিনি লেখেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। তবে এবার থামিস প্লিজ, এটাই যেন শেষ বিয়ে হয়।” সায়কের এই মন্তব্য এবং সুস্মিতার সাম্প্রতিক কিছু ছবি দেখে নেটিজেনদের একাংশের দাবি, অভিনেত্রী কি তবে অন্তসত্ত্বা? এর আগে একাধিকবার তিনি মাতৃসত্তাকে উপভোগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সায়কের পোস্টে ‘নরমাল ডেলিভারি’র উল্লেখ সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও মা হওয়ার বিষয়ে সুস্মিতা এখনও স্পষ্টভাবে কিছু জানাননি।