দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনার অবসান! অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার হার্টথ্রব জুটি বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে চার হাত এক হয় এই তারকা জুটির। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন নবদম্পতি।
বিজয় তাঁর পোস্টে রশ্মিকার প্রতি ভালোবাসা উজার করে লিখেছন, “সে পাশে থাকলে আমার খাবার আরও স্বাস্থ্যকর হয়, ওয়ার্কআউট আরও মজাদার হয়। আমার তাকে দরকার ছিল কেবল সেই শান্তি অনুভব করার জন্য। অবশেষে আমার সেরা বন্ধু এখন আমার স্ত্রী।” বিজয়ের এই আবেগঘন বার্তা মুহূর্তেই ভাইরাল হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে কড়া বিধিনিষেধ থাকলেও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা থেকে শুরু করে পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন।
বিয়ের রাজকীয় মেনুতে ছিল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের মেলবন্ধন। অতিথিদের জন্য ছিল হায়দরাবাদি দম বিরিয়ানি, নাটু কোডি পুলুস (দেশি মুরগির ঝোল) এবং কিমা সামোসা। রশ্মিকার জন্মভিটে কুর্গের ঐতিহ্যবাহী ‘পান্ডি কারি’ এবং ‘কদম্বুটু’ও ছিল মেনুর বিশেষ আকর্ষণ। শেষ পাতে ছিল মহীশূরের বিখ্যাত মিষ্টি ‘মাইশোর পাক’। সব মিলিয়ে এক জমকালো ঘরোয়া অনুষ্ঠানে চার হাত এক হলো এই জনপ্রিয় জুটির।