একবিংশ শতাব্দীর সেরা ভারতীয় সিনেমা ‘3 Idiots’! IMDb-এর রিপোর্টে বিশ্ব মঞ্চে শীর্ষে আমির খানের ছবি

ভারতীয় সিনেমা কীভাবে বিশ্ব মঞ্চে প্রভাব ফেলছে, সেই বিষয়ে একটি বিশদ রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ফিল্ম ডেটাবেস ওয়েবসাইট IMDb (ইন্টারনেট মুভি ডেটাবেস)। ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৫ বছরের তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত এই রিপোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—বলিউড তারকা আমির খানের ব্লকবাস্টার ছবি ‘3 Idiots’ একবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ছবি হিসেবে উঠে এসেছে।

IMDb-এর ২৫০ মিলিয়ন মাসিক ব্যবহারকারীর ডেটার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে, যা ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবকে তুলে ধরেছে।

বৈশ্বিক জনপ্রিয়তায় ‘3 Idiots’ শীর্ষে
IMDb-এর রিপোর্ট অনুযায়ী, আমির খানের এই ছবিটি ভারতের সবচেয়ে বড় গ্লোবাল হিট হিসেবে স্থান পেয়েছে। বিশ্বজুড়ে পেজ ভিউ এবং অ-ভারতীয় দর্শকদের অংশগ্রহণের শতাংশ, এই উভয় মাপকাঠিতে ছবিটি ১০০-এর মধ্যে ১০০ স্কোর করেছে।

গ্লোবাল টপ ২৫০: IMDb-এর গ্লোবাল টপ ২৫০ তালিকায় ভারতীয় ছবিগুলোর মধ্যে ‘3 Idiots’ সবচেয়ে উপরের স্থানে (৮৫তম অবস্থানে) রয়েছে।

বিশাল আন্তর্জাতিক দর্শক: এই ছবির পেজ ভিউয়ের ৮০ শতাংশেরও বেশি এখন আসছে ভারতের বাইরে থেকে। ছবিটি ৪,৬৮,০০০-এরও বেশি ব্যবহারকারীর রেটিং এবং ৮.৪ গড় স্কোর নিয়ে বিশ্বব্যাপী দর্শকদের ভালোবাসা পাচ্ছে।

স্ট্রিমিং প্ল্যাটফর্মে ভর করে বৈশ্বিক প্রসার
রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সিনেমা এখন আর শুধু ভারতীয় বংশোদ্ভূত দর্শকদের ওপর নির্ভরশীল নয়, বরং বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে। Netflix এবং Amazon Prime Video-এর মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ভারতীয় কন্টেন্ট বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে।

IMDb-এর এই বিশদ রিপোর্টে ২০০০ সাল থেকে প্রতি বছরের শীর্ষ পাঁচটি ভারতীয় চলচ্চিত্রের তালিকা প্রকাশ করার পাশাপাশি গত ২৫ বছরে ভারতীয় সিনেমার পরিবর্তনশীল ধারা, এবং বিভিন্ন বিভাগে অভিনেতা, নির্মাতা ও সিনেমার ব়্যাঙ্কিংও তুলে ধরা হয়েছে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে, বিশ্বজুড়ে দর্শকদের আকৃষ্ট করার ক্ষমতা ভারতীয় সিনেমার মধ্যে রয়েছে।