অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ ঘিরে এখন উত্তাল টলিপাড়া। গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তাঁর মৃত্যু হলেও, ১ এপ্রিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম-এর দেওয়া একটি বিবৃতি ঘিরেই দানা বেঁধেছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাছে কৈফিয়ত চাইলেও সেই চিঠিতে নেই কোনও দায়িত্বশীল ব্যক্তির স্বাক্ষর কিংবা স্ট্যাম্প।
ফোরামের এই ‘গা বাঁচানো’ মনোভাবে রীতিমতো রণংদেহি মেজাজে ধরা দিলেন অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “আপনারা একটা স্বশাসিত ফোরাম চালান, উত্তরাধিকারে পাওয়া আলুর গোডাউন নয়।” তাঁর প্রশ্ন, সব্যসাচী চক্রবর্তী বা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের আমলের সেই দাপট আজ কোথায় গেল? স্বাক্ষরহীন ওই চিঠির কোনও আইনি মূল্য নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সুদীপার কটাক্ষ, “এক কাজ করুন, চুপিচুপি রাহুলের বাড়ির নীচে বেনামী প্রতিবাদের চিঠি রেখে দিয়ে আসুন! সাপও মরল, লাঠিও ভাঙল না।” অর্থাৎ, ফোরাম একদিকে দায় সারল আবার অন্যদিকে ক্ষমতাশালী প্রযোজকের বিষনজর থেকেও নিজেদের বাঁচিয়ে রাখল। এই তীব্র আক্রমণের মুখেও আর্টিস্টস ফোরাম এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। রাহুলের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এবং ফোরামের এই ঢিলেঢালা মনোভাবে সাধারণ শিল্পীমহলেও বাড়ছে অসন্তোষ।





