আর মাত্র ৫ দিন! আইনি বিয়ের আগেই কাঁসার থালায় আইবুড়ো ভাত মিমি চক্রবর্তীর?

হাতে আর মাত্র পাঁচ দিন, তারপরেই আইনি বিয়ে সারতে চলেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত। শোনা যাচ্ছে, ২৬ নভেম্বর রেজিস্ট্রি বিয়ের পর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। যদিও বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মিমি ও সিদ্ধার্থ দুজনেই, তবে সোশ্যাল মিডিয়ায় মিমির সাম্প্রতিক পোস্ট ও বিয়ের কার্ড ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন মিমি, যেখানে একটি প্রাইভেট রেস্তোরাঁয় তাঁকে খাওয়া-দাওয়া করতে দেখা যাচ্ছে। সামনের কাঁসার থালায় ভাত ও পোলাও এবং চারপাশে সাজানো একাধিক বাটিতে পাঁচরকম ভাজা থেকে শুরু করে মাছ-মাংসের সম্ভার দেখে নেটিজেনদের অনুমান, আইবুড়ো ভাত খাচ্ছেন অভিনেত্রী। ছবিতে ডিজাইনার অভিষেক রায়, মিমির প্রিয় সঙ্গী বুলটি-সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উইথ মাই ফেভারিট পিপল’।
ঘনিষ্ঠ সূত্রে খবর, নভেম্বরে ঘরোয়া পরিসরে আইনি বিয়ে সেরে ডিসেম্বরে কালিম্পংয়ে পাহাড়ের কোলে বিয়ের আসর বসতে পারে, যেহেতু মিমির শিকড় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। পাহাড়ে বিয়ের পর কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের পরিকল্পনাও রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বিয়ের কেনাকাটা ও নিমন্ত্রণপত্র বিলি শুরু হয়ে গেছে এবং সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর স্টোর থেকেও বেরোতে দেখা গেছে মিমিকে। এরই মধ্যে মিমির বিয়ের কার্ড নিয়েও শুরু হয়েছে চর্চা, যেখানে বর-কনের পাশাপাশি জায়গা পেয়েছে তাঁর আদরের তিন পোষ্য।