ডিএ নিয়ে বড় চমক! কোন রাজ্যে কত বাড়ল মহার্ঘ ভাতা, দেখে নিন তালিকা

মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর পথে হেঁটেছে একাধিক রাজ্য। ২০২৬ সালে কেন্দ্রীয় কর্মীদের ভাতা সংশোধনের পর আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। সাধারণত সর্বভারতীয় গ্রাহক মূল্যসূচকের ভিত্তিতে বছরে দু’বার জানুয়ারি ও জুলাই থেকে এই হার সংশোধন করা হয়।

আসাম, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা এবং উত্তরপ্রদেশে ডিএ ও ডিআর ২ শতাংশ করে বেড়ে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশে দাঁড়িয়েছে। আসামে আট লক্ষেরও বেশি কর্মী ও পেনশনভোগী এবং উত্তরপ্রদেশে প্রায় ১৬ লক্ষ কর্মী, শিক্ষক ও পেনশনভোগী এই সিদ্ধান্তের আওতায় আসছেন; অরুণাচলে ১ জানুয়ারি ২০২৬ থেকে এই হার কার্যকর হয়েছে এবং ওড়িশায় মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত অর্থ দেওয়ার কথা বলা হয়েছিল। বিহারে বেতন কমিশন অনুযায়ী হার বদলেছে—সপ্তম বেতন কমিশনে ৫৮ থেকে ৬০ শতাংশ, ষষ্ঠ বেতন কমিশনে ৫ শতাংশ বেড়ে ২৫৭ থেকে ২৬২ শতাংশ এবং পঞ্চম বেতন কমিশনে ৯ শতাংশ বেড়ে ৪৭৪ থেকে ৪৮৩ শতাংশ হয়েছে।

বকেয়া মেটানোয় বড় পদক্ষেপ করেছে মহারাষ্ট্র। ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারির বকেয়া ডিএ দিতে ৮০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে, পাশাপাশি অবসরপ্রাপ্ত অল ইন্ডিয়া সার্ভিসেস আধিকারিকদের ডিআর ২ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালের জুনের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ ১৮ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার ঘোষণা হয়, যা ১ অক্টোবর থেকে কার্যকর। তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কতটা কমবে, সেদিকেই তাকিয়ে কর্মী ও পেনশনভোগীরা।