প্রতি বছর নিয়ম করে কেদারনাথ-বদ্রীনাথ দর্শনে যান বলিউড অভিনেত্রী সারা আলি খান। কিন্তু এবারের যাত্রা তাঁর জন্য সহজ নাও হতে পারে। বদ্রী-কেদার মন্দির কমিটির (BKTC) চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী সাফ জানিয়ে দিয়েছেন, সারা আলি খানকে মন্দিরে প্রবেশ করতে হলে এখন থেকে লিখিত হলফনামা জমা দিতে হবে। সেখানে তাঁকে স্পষ্টভাবে জানাতে হবে যে তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী এবং সনাতন ধর্মের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে হেমন্ত দ্বিবেদী বলেন, “অহিন্দু কেউ যদি মন্দিরে পুজো দিতে চান, তবে তাঁকে হলফনামা দিয়ে বলতে হবে—‘আমি সনাতনী; হিন্দুত্বে বিশ্বাসী’। সারা আলি খান যদি এই নিয়ম মানেন এবং নিজের আস্থার কথা নথিবদ্ধ করেন, তবেই তাঁকে স্বাগত জানানো হবে।” ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলা চারধাম যাত্রার আগেই এই নতুন নিয়ম কার্যকর করার প্রস্তাব উত্তরাখণ্ড সরকারের কাছে পাঠিয়েছে মন্দির কমিটি।
উল্লেখ্য, সারার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর শুটিং থেকেই এই তীর্থস্থানের সঙ্গে তাঁর আত্মিক টান তৈরি হয়েছে। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের সন্তান সারা বরাবরই নিজেকে আধ্যাত্মিক বলে পরিচয় দেন এবং মন্দিরে পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে নতুন এই নিয়ম অনুযায়ী, শুধু সারা নন, যেকোনো অহিন্দু পুণ্যার্থীকেই এখন থেকে সনাতন ধর্মে বিশ্বাসের প্রমাণ দিতে হবে। আগামী ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথের দরজা খুলছে। এখন দেখার, এই আইনি হলফনামার শর্ত মেনে সারা আলি খান ধাম দর্শনে যান কি না।