“আমি ক্লান্ত, আর পারছি না!” ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইমন, নিলেন চরম সিদ্ধান্ত!

বৃহস্পতিবার সকালে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ার বড় ঘোষণা করলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। ফেসবুক লাইভে এসে তিনি জানিয়ে দিলেন, ব্যক্তিগতভাবে তিনি আর সমাজমাধ্যমে সক্রিয় থাকবেন না। নেটিজেনদের একাংশের কদর্য আক্রমণ এবং তাঁর প্রয়াত মা-কে জড়িয়ে কুৎসিত মন্তব্যে কার্যত ভেঙে পড়েছেন শিল্পী।

ঘটনার সূত্রপাত ইমনের মায়ের মৃত্যুবার্ষিকীতে। গায়িকার অভিযোগ, রাজ্য সরকারের গুণগান গেয়ে তিনি ‘পাঁচালি’ গেয়েছেন— এই অজুহাতে তাঁকে ‘চটিচাটা’ বলে কটাক্ষ করা হয়। এমনকি তাঁর মৃত মা-কেও টেনে আনা হয় এই বিদ্রুপে। এক নেটিজেন মন্তব্য করেন, “আপনার মায়ের দেখা উচিত আপনি চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন।” এই মন্তব্য দেখেই সারারাত ঘুমাননি ইমন। লাইভে তিনি সাফ বলেন, “আমি গান গাই, সেটা রবীন্দ্রসংগীত হোক বা পাঁচালি। আমার বাড়ির লোকের আপত্তি নেই, আপনাদের কেন? আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার কারও নেই।”

বিধ্বস্ত গায়িকা স্পষ্ট জানিয়েছেন, তাঁর মা-কে অপমান করার পর এই বিষাক্ত পরিবেশ তাঁর জন্য নয়। তবে পেশাগত কারণে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ চালু থাকবে যেখানে কাজের আপডেট দেওয়া হবে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি আর কোনো যোগাযোগ রাখবেন না। ভক্তদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, “যদি মনে করেন আমার গান শুনবেন না, তবে শুনবেন না।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy