‘আমি ওয়ার্কোহলিক, পার্টিতে যাই না’! দাউদ যোগের অভিযোগ উড়িয়ে বিস্ফোরক পোস্ট করলেন নোরা ফতেহি, কী বললেন অভিনেত্রী?

বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সংযোগের অভিযোগ নতুন নয়। এবার সেই ঘটনায় নাম জড়াল অভিনেত্রী শ্রদ্ধা কপূর এবং নোরা ফতেহির মতো একাধিক চাঞ্চল্যকর তারকাদের। তাঁদের সঙ্গে তালিকায় রয়েছেন শ্রদ্ধা কপূরের দাদা সিদ্ধার্থ কপূর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি (Orry)-ও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB) এবং মুম্বই পুলিশের একটি তদন্তে এই তথ্য উঠে এসেছে।

দাউদ চক্রের সদস্য তাহিরের জেরায় ফাঁস

সম্প্রতি মুম্বই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর একটি তল্লাশি চালায়। তদন্তে সেলিম ডোলার নাম উঠে আসার পর জানা যায়, গোটা চক্রটি দুবাই থেকে পরিচালিত হয়। সংযুক্ত আরব আমীরশাহী থেকে সেলিম ডোলার পুত্র তাহিরকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে আসা হয়। পুলিশ তাহিরকে জেরা করলে সেখানেই শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি-সহ একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে আসে। অভিযোগ করা হয়েছে, এই চক্রের মাধ্যমে প্রায় ২৫২ কোটি টাকার মাদক লেনদেন হয়েছে।

তাহির পুলিশকে জানিয়েছেন, দাউদ ইব্রাহিম ভারত এবং বিভিন্ন আন্তর্জাতিক জায়গায় বিলাসবহুল মাদক পার্টির আয়োজন করেন, যেখানে শ্রদ্ধা কপূর এবং নোরা ফতেহির মতো নামিদামি অভিনেত্রীরা উপস্থিত থাকেন।

শ্রদ্ধার দাদা ও ওরির নামও তালিকায়

শুধু শ্রদ্ধা নন, তাঁর দাদা সিদ্ধার্থ কপূরও নাকি এই পার্টিতে নিয়মিত যোগ দেন এবং মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। এর আগেও একবার মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সিদ্ধার্থ, তবে প্রমাণের অভাবে তাঁকে পরে ছেড়ে দেওয়া হয়। এই চক্রে ওরি-রও নাম জড়িয়েছে বলে শোনা যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে শ্রদ্ধা, নোরা ও অন্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠানোর কথা।

অভিযোগ উড়িয়ে দিলেন নোরা ফতেহি

এই চাঞ্চল্যকর অভিযোগের পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন নোরা ফতেহি। তিনি একটি পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নোরা লিখেছেন:

“বলা বাহুল্য.. আমি কোনও পার্টিতে যাই না। আমি ভীষণ ওয়ার্কোহলিক, সারাদিন নিজেকে কাজে ডুবিয়ে দিই। আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। আমি সেভাবে লোকজনের সঙ্গে মিশিও না!… আমি শুধু দেখছি, সবাই আমার নাম বিভিন্ন দিকে, বিভিন্ন জায়গায় ব্যবহার করে নিজের নিজের ফায়দা তোলার চেষ্টা করছে। দয়া করে এই সব বিষয়ে আমায় জড়াবেন না।”

অভিনেত্রী অভিযোগ করেছেন, তাঁর নামে কুৎসা রটানোর চেষ্টা আগেও হয়েছে এবং এবার তিনি আর সেটা হতে দেবেন না।