‘আমি ওকে সন্তান দিতে পারব না!’ স্বামী গৌরবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিস্ফোরক আকাঙ্খা

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি গৌরব খন্না ও আকাঙ্খা চামোলা। পর্দার বাইরেও তাঁদের রসায়ন অনুরাগীদের মুগ্ধ করত। কিন্তু গত কিছু দিন ধরে তাঁদের সম্পর্কের অবনতির খবর চর্চায় উঠে আসছে। রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে এসে আকাঙ্খা চামোলা তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনায় জল ঢেলে সরাসরি ব্যক্তিগত জীবনের কঠিন সত্য সামনে আনলেন। দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত কেন নিয়েছেন, তা অকপটে জানালেন অভিনেত্রী।
‘লক আপ সিজন ২’-এর তৃতীয় এপিসোডে অন্য প্রতিযোগীদের কাছে আকাঙ্খা জানান, তাঁদের সম্পর্কের ভাঙনের নেপথ্যে রয়েছে সন্তান নেওয়ার বিষয়ে মতপার্থক্য। আকাঙ্খা বলেন, “বিয়ে যখন টিকেছিল, তখন মাতৃত্বের অনুভূতি আমার মধ্যে কখনও আসেনি। সময়ের সঙ্গে আমি বুঝতে পারি, এসব আমার জন্য নয়। আমি অনেক আগেই গৌরবকে জানিয়েছিলাম যে, আমি সন্তান নিতে পারব না।”
অভিনেত্রী আরও যোগ করেন, “গৌরব সন্তান চায়, যা অত্যন্ত স্বাভাবিক। ৯০ শতাংশ মানুষ পরিবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সন্তানের জন্যই বিয়ে করে। গৌরব মোটেও ভুল নয়, কিন্তু আমার সিদ্ধান্তের সঙ্গে ওর চাওয়া মিলে যাচ্ছে না। আমি চাই না আমার সিদ্ধান্তের জন্য ওর জীবনে কোনো অপূর্ণতা থাকুক।” এর আগে ‘বিগ বস-১৯’-এর সময়ও এই বিষয়টি চর্চায় এসেছিল। সে সময় গৌরব জানিয়েছিলেন, স্ত্রী সন্তান না চাইলেও তিনি তাঁর পাশে থাকবেন। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে শেষমেশ আলাদা হওয়ার পথই বেছে নিতে হয়েছে তাঁদের।
আকাঙ্খা এই বিচ্ছেদের জন্য গৌরবকে কোনোভাবেই দায়ী করেননি। তিনি বলেন, “আমি বুঝেছিলাম যে ও সত্যিই সন্তান চায়, আর আমি তা দিতে অক্ষম। তাই ওকে ওই পরিস্থিতিতে আটকে রাখা যুক্তিসঙ্গত নয়।” শো চলাকালীন আকাঙ্খা স্বীকার করেছেন যে, বেশ কিছু দিন ধরেই তাঁরা আলাদা থাকছেন এবং তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ নভেম্বর গৌরব এবং আকাঙ্খা বিবাহবন্ধনে আবদ্ধ হন। হিন্দি টেলিভিশনের পর্দায় দুজনেই অত্যন্ত পরিচিত মুখ। এই দম্পতির বিচ্ছেদের খবর সামনে আসতেই তাঁদের অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গৌরব খন্না এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, আকাঙ্খার এই সাহসী স্বীকারোক্তি টেলি পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। জীবনসঙ্গী হিসেবে একে অপরের প্রতি সম্মান থাকলেও, মাতৃত্ব নিয়ে দুই মেরুর মতাদর্শই এই সুখী দাম্পত্যে ফাটল ধরিয়ে দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।