বিজয় দিবসের প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে পরিচালক সৌমিক সেনের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। আর এই সিরিজের সবথেকে বড় চমক হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রটি। রূপালি পর্দায় এই আইকনিক চরিত্রে দেখা যাবে টলিউডের অভিজ্ঞ অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি তাঁর লুক সোশ্যাল মিডিয়ায় আসতেই শোরগোল পড়ে গিয়েছে— একঝলক দেখলে মনে হবে যেন খোদ মুজিবুর রহমানই দাঁড়িয়ে রয়েছেন।
অভিজ্ঞ অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ অভিনয় জীবনে এটি এক অনন্য পালক। তবে প্রথম দিকে তিনি নিজেই এই চরিত্রে অভিনয় নিয়ে সন্দিহান ছিলেন। অভিনেতা জানান, “পরিচালক যখন প্রস্তাব দেন, আমি অবাক হয়েছিলাম। আমি নিজে একাত্তরের যুদ্ধ দেখেছি, মুজিব সাহেবের চেহারার সাথে আমার মিল ছিল না। কিন্তু মুম্বইয়ের গ্রাফিক্স টিম এবং মেকআপ আর্টিস্টদের জাদুতে লুক টেস্টের পর আয়নায় নিজেকে দেখে আমি নিজেই চিনতে পারিনি।”
সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি কৌশিক বন্দ্যোপাধ্যায়কে কয়েকটি উর্দু শের এবং বাঙাল ভাষায় সংলাপ বলতে শোনা যাবে। কুষ্টিয়ায় আদি বাড়ি হওয়ার সুবাদে ভাষা নিয়ে তাঁর বিশেষ সমস্যা হয়নি। অভিনেতা মনে করেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এবং শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের প্রেক্ষাপটে, একাত্তরের মুক্তিযুদ্ধের এই গল্প বিশ্বজুড়ে বাঙালিদের মধ্যে প্রবল নস্টালজিয়া তৈরি করবে। আগামী মার্চ মাস থেকে দর্শকরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন ‘জ্যাজ সিটি’।