অমিতাভ বচ্চনের ‘অবসর’ জল্পনায় জল! হঠাৎ কী এমন বললেন বিগ বি?

সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটিমাত্র লাইনকে কেন্দ্র করে সোমবার থেকেই উত্তাল হয়ে উঠেছিল বিনোদন জগত। মেগাস্টার কি তবে অভিনয় জীবন থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর কথা ভাবছেন? এই প্রশ্ন যখন অনুরাগীদের মনে দানা বাঁধছিল, ঠিক তখনই নিজের ব্লগে মুখ খুলে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন খোদ শাহেনশা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁর আগের একটি ব্লগ পোস্টের একটি নির্দিষ্ট বাক্যকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কাজ বা টেলিভিশন জগত থেকে অবসর নেওয়ার সঙ্গে ওই বার্তার দূরদূরান্তেও কোনও সম্পর্ক ছিল না।
সম্প্রতি নিজের অফিশিয়াল ব্লগে অমিতাভ বচ্চন যখন লিখেছিলেন “time to retire” (অবসর নেওয়ার সময় হয়েছে), তখন থেকেই মূলত এই ভুয়ো জল্পনার সূত্রপাত হয়। ওই ছোট্ট বাক্যটি দেখে অনেকেই ধরে নেন যে অভিনেতা হয়তো কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিতে চলেছেন। তবে ব্লগের সাম্প্রতিক পোস্টে অমিতাভ স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি মূলত রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার সাধারণ অর্থেই ‘retire’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি কটাক্ষের সুরে লেখেন, “আমি ব্লগে লিখেছিলাম… ‘it’s late, time to retire…’ যার অর্থ আমরা সবাই জানি—অনেক রাত হয়েছে, তাই ঘুমাতে যাওয়ার সময় হয়েছে… আর এই হলো মিডিয়া—একটি জাতির বিবেক—সর্বোচ্চ তথ্যদাতা!!” পাশাপাশি তিনি একটি সংবাদপত্রের কাটিংও শেয়ার করেন, যেখানে তাঁর অবসর নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
নিজের অবস্থান আরও স্পষ্ট করে মেগাস্টার রসিকতা করে লেখেন, “না হুজুর, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজি ভাষায় এর অর্থ হল, আমি এখন ঘুমাতে যাচ্ছি। আর সেখানে আপনার আসার কোনও আমন্ত্রণ নেই।” অর্থাৎ, তিনি বুঝিয়ে দিয়েছেন যে কাজ কমানোর বা বিদায় নেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। তিনি স্রেফ রাতের বিশ্রামের কথা লিখেছিলেন, যাকে নিয়ে সংবাদমাধ্যমে অপ্রয়োজনীয় জলঘোলা তৈরি করা হয়েছে।
কাজের ফ্রন্টে অমিতাভ বচ্চন বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম সিজন অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করছেন। ২০০০ সালে শুরু হওয়া এই শো-এর সঙ্গে তিনি শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন, মাঝের কেবল একটি সিজন বাদ দিলে। বড়পর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০২৪ সালের বহুল চর্চিত ছবি ‘ভেট্টাইয়ান’-এ, যেখানে তিনি রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এ ছাড়া ফারহান আখতারের ‘১২০ বাহাদুর’ ছবিতে তিনি ন্যারেটর বা কথক হিসেবে নিজের গম্ভীর কন্ঠস্বর দিয়েছেন। খুব শীঘ্রই তাঁকে নাগ অশ্বিনের মেগা বাজেট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’-এ অশ্বত্থামা চরিত্রে পুনরায় দেখতে পাবেন দর্শকরা। এই সিক্যুয়েলে প্রভাষকে ‘ভৈরব’ এবং কমল হাসানকে ‘সুপ্রিম ইয়াসকিন’ এর অবতারে পাওয়া যাবে।