‘অপমান’ করার অদ্ভুত ভঙ্গি আর অকৃত্রিম ভালোবাসা, চিরঘুমে নাট্যব্যক্তিত্ব তমাল রায়চৌধুরী

সোমবার ভোরে ৮৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য নির্দেশক তমাল রায়চৌধুরী। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা নাট্যজগৎ ও টলিউডে। আজ বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওতে তাঁর মরদেহ নিয়ে যাওয়ার পর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

তমাল রায়চৌধুরীর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন সুদীপ্তা চক্রবর্তী, সোহান বন্দ্যোপাধ্যায় ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা। সুদীপ্তা লিখেছেন, “ফোন কলটা আর আসবে না। ভালো থেকো তমাল কাকু।” অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিরোমন্থন করে লিখেছেন, “বাজখাঁই গলায় ‘A bunch of bad actors’ বলা সেই মানুষটিকে খুব মিস করব।” জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “অপ্রিয় সত্য কথা মজার ছলে বলে ফেলার অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। রাজার মতো চলে যাওয়া একেই বলে।”

নাট্যপাড়ায় তমাল রায়চৌধুরী ছিলেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর স্পষ্টবাদিতা এবং কাউকে মজার ছলে ‘অপমান’ করে ভুল শুধরে দেওয়ার ধরনটি ছিল অনন্য। বহু অভিনেতা-অভিনেত্রী তাঁর নির্দেশনায় কাজ করে সমৃদ্ধ হয়েছেন। আজ তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy