‘অনুপম চাইলে সাহায্য করতে পারত!’ ভাইয়ের ওপর তীব্র অভিমান আজও ভুলতে পারেননি রাজু খের!

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের এবং তাঁর ভাই রাজু খেরের সম্পর্কের সমীকরণ নিয়ে অতীতে নানা চর্চা হলেও সম্প্রতি এক পডকাস্টে বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন রাজু নিজে। জনপ্রিয় উপস্থাপক সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে নিজের জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার দিনগুলির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। রাজু খের অকপটে স্বীকার করেন যে, জীবনের চরম আর্থিক সংকটের সেই দিনগুলিতে নিজের রক্তেয়র সম্পর্ক থাকা সত্ত্বেও দাদা অনুপম খেরের কাছ থেকে তিনি কোনো অর্থনৈতিক সাহায্য পাননি, যা আজও তাঁর মনে গভীর অভিমানের জন্ম দিয়েছে।

স্মৃতির পাতা উল্টে রাজু জানান, একসময়ে তাঁর জীবন অত্যন্ত সুখের ও গোছানো ছিল। বিলাসবহুল বাড়ি, সুন্দর পরিবার এবং সুরক্ষিত ভবিষ্যতের পাশাপাশি পেশাগত জীবনেও কোনো টানাপোড়েন ছিল না। ঠিক সেই সময়ই একটি নতুন টেলিভিশন চ্যানেল লঞ্চ হওয়ার খবর আসে এবং বেশ কিছু নতুন অনুষ্ঠান তৈরির কাজের জন্য তাঁর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এই প্রোজেক্টের নাম ছিল ‘Life Ke Liye Kuch Bhi Karega’। এই অনুষ্ঠানে নিজের সর্বস্ব বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন রাজু। শো-টি সফল হলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে— এই আশায় তিনি নিজের বড় বাড়ি বিক্রি করে দেন এবং একটি সাধারণ ছোট ফ্ল্যাটে চলে আসেন। কিন্তু কপালে অন্য কিছু লেখা ছিল। চ্যানেলের নীতি বদল ও নানা জটিলতার কারণে হঠাৎ করেই চ্যানেল লঞ্চ স্থগিত হয়ে যায় এবং সমস্ত কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। চোখের পলকে তাঁর সমস্ত বিনিয়োগ জলে চলে যায়।

হাতে কোনো কাজ নেই, অথচ প্রতিদিনের ফ্ল্যাটের ভাড়া ও সংসারের খরচ টানার মতো ভয়াবহ চাপ। জীবনের এমন ক্রান্তিলগ্নে রাজুর মনে হয়েছিল, একমাত্র তাঁর দাদা অনুপম খেরই এই বিপদ থেকে তাঁকে উদ্ধার করতে পারেন। কিন্তু অনুপম সেই সময় পাশে দাঁড়াননি। রাজুর দাবি, অনুপম চাইলেও তাঁকে আর্থিকভাবে সাহায্য করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আর সেই না-পাওয়ার ক্ষোভ থেকেই জন্ম নিয়েছিল দূরত্ব ও অভিমান। যদিও সময়ের সঙ্গে সঙ্গে রাজু বুঝতে পেরেছেন যে অনুপমের নিজের জীবনও সেসময় মসৃণ ছিল না। পরবর্তীকালে দুই ভাইয়ের সম্পর্কের বরফ গললেও, অতীতের সেই দুঃসহ দিনের ক্ষত এখনও পুরোপুরি মুছে যায়নি।