কোনো গ্ল্যামারাস ‘পাগলু’ নয়, এবার বড় পর্দায় এক সাধারণ মানুষের অসাধারণ লড়াই ফুটিয়ে তুলতে চলেছেন টলিউডের ‘বরপুত্র’ দেব অধিকারী। জীবনের ৫০তম ছবিতে তিনি সাজবেন পদ্মশ্রী করিমুল হক, যাঁকে সারা বিশ্ব চেনে ‘অ্যাম্বুলেন্স দাদা’ হিসেবে। সম্প্রতি এই ছবির চিত্রনাট্য ও চরিত্র নিয়ে আলোচনার জন্য দেবের অফিসে হাজির হয়েছিলেন খোদ ‘রিয়েল লাইফ’ হিরো করিমুল হক।
বিনয় এম মুদগিলের পরিচালনায় তৈরি হতে চলেছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। মালবাজারের দুর্গম চা বাগান এলাকায় অ্যাম্বুলেন্সের অভাবে মাকে হারিয়েছিলেন করিমুলবাবু। সেই শোক থেকেই জন্ম নিয়েছিল এক মহৎ জেদ— নিজের বাইককে অ্যাম্বুলেন্স বানিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। এবার সেই চরিত্রকেই পর্দায় জীবন্ত করবেন দেব। করিমুল হক জানিয়েছেন, দেব তাঁর বাড়িতে থেকে গ্রামীণ জীবনকে কাছ থেকে বুঝবেন। সিনেমার পারিশ্রমিক দিয়ে নিজের বাড়িতেই একটি হাসপাতাল ও অনাথ আশ্রম বানানোর স্বপ্ন দেখছেন তিনি।
এই ছবির আরও এক বড় চমক হলো দেব-রুক্মিণী জুটি। ‘টেক্কা’-র দুর্দান্ত সাফল্যের পর এই জুটিকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘নন্দী মুভিজ’-এর প্রযোজনায় ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।