বলিউড মহলে উদ্বেগের ছায়া। গত ১৭ ফেব্রুয়ারি মাইনর ব্রেন হ্যামারেজ নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। ৯০ বছর বয়সী এই বর্ষীয়ান ব্যক্তিত্ব বর্তমানে আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন। এই কঠিন সময়ে খান পরিবারের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে গিয়েছেন বলিউডের একাধিক তারকা। সম্প্রতি সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেতা আমির খান।
একটি অনুষ্ঠানে আমির জানান, তিনি হাসপাতালে গিয়ে সেলিম খানের পরিবারের সঙ্গে দেখা করেছেন। অভিনেতার কথায়, “আমি সেলিম সাহেবকে দেখতে গিয়েছিলাম। তিনি আইসিইউ-তে থাকায় ওঁর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি, তবে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। আমরা সবাই ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” আমির আরও জানান, সেলিম খানের মেয়ে আলভিরা তাঁকে আশ্বস্ত করেছেন যে ভাইজানের বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।
গত ২৪ নভেম্বর ৯০ বছরে পা দেওয়া সেলিম খান ভারতীয় চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন ‘শোলে’, ‘জঞ্জির’ ও ‘দিওয়ার’-এর মতো কালজয়ী ছবি। বর্তমানে তাঁর শয্যাপাশে রয়েছেন সলমন খান, আরবাজ খান, সোহেল খান ও পরিবারের অন্যান্য সদস্যরা। গোটা বলিউড এখন তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায়।