রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর ধাক্কা কাটিয়ে ফের কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। একা হাতে পুলিশি তদন্ত থেকে শুরু করে শোকাতুর শাশুড়ি ও ছেলে সহজকে সামলেছেন তিনি। তবে সূত্রের খবর, আগামী পয়লা বৈশাখে নতুন প্রোজেক্টের ঘোষণা করতে পারেন তিনি। পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘অনুমানের ভিত্তিতে’-তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। শোনা যাচ্ছে, এই ছবিতে তাঁর বিপরীতে থাকতে পারেন অভিনেতা জন ভট্টাচার্য। অসমপ্রেম ও বন্ধুত্বের এই গল্পে লিলি চক্রবর্তী, শ্রীলেখা মিত্র ও কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো শিল্পীরাও থাকছেন।
ছবির পাশাপাশি বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ‘তারকাটা’ ওয়েব সিরিজের বাকি থাকা কাজও দ্রুত শুরু করতে পারেন তিনি। উল্লেখ্য, এই সিরিজের শুটিং চলাকালীনই রাহুলের দুঃসংবাদ পেয়ে তালসারিতে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, “রাহুলের অকাল প্রয়াণ যেন নিছক শোকের স্মৃতি না হয়ে থাকে, এটি যেন বড় পরিবর্তনের সূচনা করে।” ভবিষ্যতের শুটিং সেটে শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য।





